স্পোর্টস রিপোর্টার
ইংল্যান্ডের বিপক্ষে ৪ উইকেট নিয়ে টানা দ্বিতীয় বিশ্বকাপে সেরা বোলার হওয়ার পথে এগিয়ে গেছেন মিশেল স্টার্ক। সেই সাথে ভয়ংকর ডেলিভারি দিয়ে শেষ করে দিয়েছেন ইংল্যান্ডের ম্যাচ জেতার স্বপ্ন। স্টার্ক বলছিলেন, ম্যাচের আগের দিন হোটেলে এক ইংলিশ সমর্থকের টিটকারি তাকে এই আগুনে পারফরম্যান্স করতে অনুপ্রাণিত করেছে।
ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগের দিন টিম হোটেলে নাস্তা করার সময় এক ইংলিশ সমর্থক নানাভাবে টিটকারি করেন স্টার্ককে। এই ব্যাপারটা প্রথম টুইটারে প্রকাশ করেন স্টার্কের স্ত্রী, অস্ট্রেলিয়া নারী দলের খেলোয়াড় অ্যালিসা হিলি। পরে এই ব্যাপারটা সংবাদ সম্মেলনে খুলে বলেন স্টার্ক, ‘আমি তখনও আধা ঘুমে ছিলাম। স্যুট পরা এক লোক আমার হাতে জড়ানো টেপ নিয়ে কথা বলছিলো এবং আমার বোলিং নিয়ে খোঁচা দিচ্ছিলো। আমি তখন ক্ষুধার্ত ছিলাম। সে আমার টেপ প্যাঁচানো নিয়ে হাসাহাসি করছিলো। আমি কী খাচ্ছি, তা নিয়ে খোঁচাচ্ছিলো। আমি সম্ভবত পোচ করা ডিম খাচ্ছিলাম। টুর্নামেন্ট জুড়েই তো এই ব্যাপারটা নিয়ে খুব মজা হচ্ছে। এই দর্শকের খোঁচাখুঁচি এখন বিশ্বকাপের অংশ হয়ে গেছে।’
বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া মঙ্গলবার ইংল্যান্ডকে হারানোর ভেতর দিয়ে প্রথম দল হিসেবে সেমিফাইনালে চলে গেলো। অস্ট্রেলিয়ার এই প্রবল প্রতাপের পারফরম্যান্স নিয়ে খুবই সন্তুষ্ট স্টার্ক। লর্ডসের এই পারফরম্যান্স তারা ফাইনালে আরেকবার করে দেখাতে চান, ‘এটা (জয়টা) খুব মজার ছিলো। এটা একটা বিশ্বকাপ। আমরা আজ লর্ডসে খেললাম। ফাইনালও এখানে হবে। আমাদের জন্য এটা দারুণ একটা ব্যাপার। আমরা এখন সেমিফাইনালে পৌঁছে গেছি। ফলে আমাদের সামনের ম্যাচগুলোতে নিশ্চিত করতে হবে যে, আমরা যেনো ভালো ক্রিকেট খেলি। আমরা যতোটা সম্ভব ভালো অবস্থানে থেকে গ্রুপপর্ব শেষ করতে চাই। আশা করি, ফাইনালে যেতে পারবো আমরা।’
সেমিফাইনালের আগে অস্ট্রেলিয়ার আরও দুটো ম্যাচ আছে। এর মধ্যে শনিবারেই তাদের খেলা নিউজিল্যান্ডের বিপক্ষে। নিউজিল্যান্ডকে বেশ সমীহ করেই কথা বললেন স্টার্ক, ‘আমাদের এখন নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে হবে। এটা কঠিন একটা ম্যাচ। তারা রাডারের নিচে ছিলো না। কেউ নিউজিল্যান্ডকে নিয়ে বড় কথা বলেনি। কিন্তু তারা ম্যাচ জিতেই যাচ্ছে। তারা অসাধারণ ক্রিকেট খেলছে। কেন উইলিয়ামসন অসাধারণ ক্রিকেটার। আর তাদের বোলাররা দারুণ সুইং করাতে পারছে। এটা খুব বড় একটা ম্যাচ হতে যাচ্ছে।’
বিশ্বকাপের আগে সব বড় কথা ছিলো ইংল্যান্ডকে নিয়ে। কিন্তু গ্রুপপর্বে তৃতীয় হার এই দলটাকে সংশয়ে ফেলে দিয়েছে। এখন তাদের সেমিফাইনালে ওঠাই একটা চ্যালেঞ্জ। কিন্তু স্টার্ক মনে করছেন, ইংল্যান্ড এখনও টুর্নামেন্টের ফেবারিট, ‘ইংল্যান্ড অসাধারণ একটা দল। তারা অবশ্যই এখনও টুর্নামেন্টের ফেবারিট দল। কিন্তু তাদের কষ্ট করতে হবে সামনের ম্যাচগুলোতে।’
