হাসপাতালে লারা

আপডেট : ২৬ জুন ২০১৯, ২১:৫৩

স্পোর্টস ডেস্ক

বুকে ব্যথা নিয়ে গেল মঙ্গলবার হঠাত্ করেই ভারতের মুম্বাইয়ের এক হাসপাতালে ভর্তি হন ক্যারিবিয়ান কিংবদন্তি ব্রায়ান লারা। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউসি) টুইটারে এই খবর প্রথম প্রকাশ করে। পরে ভারতীয় সংবাদ মাধ্যম প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) জানিয়েছে একটা প্রচারণায় অংশ নেওয়ার মাঝপথেই তাকে হাসপাতালে যেতে হয়।

চলমান বিশ্বকাপের অফিশিয়াল ব্রডকাস্টার স্টার স্পোর্টসের অনুষ্ঠানে অংশ নিতে লারা ভারতের মুম্বাইয়ে আসেন। যদিও, তার হাসপাতালে যাওয়ার ঘটনায় বিচলিত হওয়ার কিছু নেই। লারা নিজেই এক বার্তা দিয়ে নিজের ভক্তদের আশ্বস্ত করেছেন।

২০০৭ বিশ্বকাপের পর ক্রিকেট থেকে বিদায় নেওয়া সাবেক এই ক্যারিবিয়ান অধিনায়ক টুইটারে বলেন, ‘কয়েকটা টেস্ট করেই ওরা আমাকে বাড়ি পাঠিয়ে দিয়েছে। ডাক্তাররা আমার শারীরিক অবস্থায় সন্তোষ প্রকাশ করেছেন। তারা বলেছেন, বড় কিছু হয়নি, দুশ্চিন্তার কোনো কারণ নেই। আমি জিমে একটু বেশিই সময় দিয়ে ফেলেছিলাম সকালে। সেখান থেকেই বুকের ব্যথাটা শুরু হয়েছে। তবে, সবাইকে শুধু এটুকুই বলি যে, এখন আমি ভালো আছি। দ্রুতই আমি পুরনো রূপে ফিরবো।