শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাটা পৌরসভা কর্তৃপক্ষের গুরু দায়িত্বগুলোর একটি। কিন্তু পরিচ্ছন্ন রাখতে গিয়ে যখন দূষণীয় চিত্র পরিলক্ষিত হয়, তখন সবই পণ্ডশ্রমই মনে হয়। শহরের মূল সড়কগুলো ও অলিগলির আশপাশের ড্রেন পরিষ্কার করে কর্দমাক্ত ময়লাগুলো উঠিয়ে ফুটপাতে কিংবা ড্রেনের পাশেই রাখা হয় দীর্ঘ সময় ধরে। যখন কর্তৃপক্ষের ময়লা-আবর্জনা নিয়ে যাওয়ার সময় হয় ততক্ষণে পথচারীর পায়ে পায়ে ও যানবাহনের চাকার সঙ্গে জড়িয়ে সেগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে। আর শুকিয়ে যাওয়া বালি বাতাসের সঙ্গে মিশে পরিবেশদূষণের মাত্রা আরো বাড়িয়ে দেয়। পাশাপাশি আবর্জনার উচ্ছিষ্ট গন্ধ জনসাধারণের দুর্ভোগ সৃষ্টি করে থাকে। তাই ড্রেনের আবর্জনা পরিষ্কার করার ব্যবস্থা করতে পৌরসভা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
সাজ্জাদ হোসেন
শিক্ষার্থী, ফোকলোর স্টাডিজ বিভাগ,
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
