কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
কচুয়া (চাঁদপুর) সংবাদদাতা
কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরীক্ষা-নিরীক্ষার যন্ত্রপাতি নষ্টসহ চিকিত্সক সংকট রয়েছে। এতে রোগীরা কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে।
সরেজমিনে হাসপাতালে দেখা গেছে, রোগীদের ভোগান্তি ও তাদেরকে নানাভাবে হয়রানির চিত্র। এ হাসপাতালে চিকিত্সকের ২১টি পদের মধ্যে দীর্ঘদিন থেকে ১২টিই শূন্য। এখানে গাইনি কনসালটেন্টের পদ দীর্ঘদিন থেকে শূন্য রয়েছে। ফলে মহিলাদের জটিল রোগের চিকিত্সা দেওয়া সম্ভব হচ্ছে না। এছাড়া সার্জিকেল কনসালটেন্টের পদ শূন্য থাকায় অপারেশন থিয়েটার বন্ধ রয়েছে। বছরের পর বছর টেকনিশিয়ান না থাকায় এক্স-রে করা যাচ্ছে না। ই সি জি মেশিনটি নষ্ট হয়ে পড়ে আছে বহুদিন ধরে। ডেন্টাল সার্জন না থাকায় দাঁতের রোগীদের চিকিত্সা দেওয়া সম্ভব হচ্ছে না। আল্ট্রাসনোগ্রাম মেশিন নেই।
চাঁদপুরের সিভিল সার্জন এ কে এম মাহবুবুর রহমান জানান, চিকিত্সক সংকট এখন বড় সমস্যা। পুরো চাঁদপুর জেলায় ১৯৮জন চিকিত্সকের মধ্যে রয়েছে মাত্র ৬৫জন। তবে বিসিএস ৩৯তম ব্যাচের নিয়োগের মাধ্যমে এই সংকট দূর হয়ে যাবে। এজন্য আরও তিন/চার মাস সময় লাগবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সালাহ উদ্দিন মাহমুদ চিকিত্সক সংকট ও পরীক্ষা-নিরীক্ষার যন্ত্রপাতি নষ্টের সত্যতা স্বীকার করে জানান, এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
