সাঈদীর মৃত্যু ও বিচিত্রার প্রতিবেদন নিয়ে যা বললেন আসিফ নজরুল

আপডেট : ১৫ আগস্ট ২০২৩, ১৭:৪৬

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে (১৪ আগস্ট) মারা গেছেন একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু দণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি দেলাওয়ার হোসাইন সাঈদী।

তার মৃত্যুর পর ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আইডিতে স্ট্যাটাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল। সোমবার (১৪ আগস্ট) দুপুর পৌনে ৩টার দিকে ওই পোস্ট দেন তিনি।

ফেসবুক পোস্টে ড. আসিফ নজরুল লিখেছেন, ‘আমি যুদ্ধাপরাধীদের বিচার চেয়েছিলাম, এ নিয়ে প্রথম আলো’তে অনেক লিখেছি তখন। তবে আমি মনে করতাম (এখনও করি), ফাঁসিই দিতে হবে শাহবাগের এই চাপ ছিল ন্যায়বিচারের পরিপন্থী।’

বিচিত্রার প্রতিবেদন। ছবি: সংগৃহীত

তাছাড়া, বিচার চলাকালে সংবিধান ও আইন সংশোধন করা, অভিযুক্তের পক্ষের সাক্ষীকে গুম করা এবং বিচারের প্রক্রিয়া নিয়ে স্কাই-পি কেলেঙ্কারিতে তথ্য ফাঁস হওয়া ইত্যাদি বিষয়ের কারণে বিচার নিয়ে অনেক বিতর্ক ছিল।’

‘এসব বিষয়ে কথা বলার জন্য বহু মিথ্যাচার আর ভোগান্তির শিকার হতে হয়েছিল আমাকে। জীবনে অনেক উপকার করেছি এমন কেউ কেউও এই মিথ্যাচারে অংশ নিয়েছিল। শেষে বুঝেছি যুক্তি, তথ্য ও সৎ সাহস নিয়ে মানবতাবিরোধী অপরাধ বিষয়ে কথা বলা বা শোনার মতো মানসিকতা এ দেশের অধিকাংশ মানুষের নেই।

মওলানা দেলোয়ার হোসেন সাঈদী মানুষের বিচারের ঊর্ধ্বে এখন। আল্লাহর কাছে তিনি অবশ্যই ন্যায়বিচার পাবেন। দোষী হলে শাস্তি, না হলে ভালো প্রতিদান পাবেন। এ নিয়ে আমাদের ব্যস্ত হওয়ার কিছু নেই।’

তিনি আরও লিখেছেন, ‘বিচিত্রায় ১৯৮৯ সালে মওলানা সাঈদীকে নিয়ে একটি বিস্তারিত প্রতিবেদন লেখার অ্যাসাইমেন্ট আমাকে দেয়া হয়েছিল (অনেকে তা এখন শেয়ার করছেন)। সেটা ছিল প্রতিবেদন, কোনো মতামত নয়। মতামত দেওয়ার মতো পড়াশোনা বা ম্যাচিউরিটি আমার ছিল না তখন। এখন কিছুটা হয়েছে সম্ভবত। শোনার মতো ম্যাচিউরিটি ও মানসিকতা মানুষের হলে বা দেশে বাক-স্বাধীনতা ফিরে এলে, সেটা অবশ্যই বলব কখনো।’

‘আমার কাছে এখন বেশি জরুরি হচ্ছে এখনকার মানবতাবিরোধী অপরাধ (সিস্টেমেটিক গুম), দেশ লুট আর ভোটচোরদের নিয়ে কথা বলা। কারণ এগুলোও মুক্তিযুদ্ধের চেতনার চরম লংঘন এবং এটা অনেকে বলছে না।’

(আমার এই পোস্টে যদি কেউ মন্তব্য করেন, তাহলে মিথ্যে বা বিকৃত কিছু বা না জেনে লিখবেন না প্লিজ। কারণ, কমেন্টের উত্তর দেওয়ার সময় বা ধৈর্য আমার খুব কম) যোগ করেন ড. আসিফ নজরুল।

ইত্তেফাক/এনএ