দুর্ঘটনার আশঙ্কা
কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ীর সিএনজি স্টেশন-নতুন বাজার-আজিজিয়া মাদ্রাসা সড়কের মাঝখানে রয়েছে একাধিক ঝুঁকিপূর্ণ বিদ্যুতের খুঁটি। মহেশখালী উপজেলার জনগুরুত্বপূর্ণ ও ব্যস্ততম সড়ক হলেও খুঁটিগুলো সরানো হচ্ছে না বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।
স্থানীয়রা জানান, বাজার এলাকার প্রধান সড়কসহ উপ-সড়কের উপর বেশ কয়েকটি বৈদ্যুতিক খুঁটি রয়েছে। এসবের মাঝে সবচেয়ে বিপজ্জনক নতুন বাজার সংলগ্ন তিন রাস্তার মোড়ে পল্লী বিদ্যুতের খুঁটিটি।
স্থানীয় সূত্র জানায়, উপকূলীয় উপজেলা হিসেবে চলাচল কম থাকায় আগে থেকেই মহেশখালীর সড়কগুলোর বেশির ভাগই সরু। অনেক আগে বসানো বৈদ্যুতিক লাইনগুলোর খুঁটি একসময় সড়কের পাশেই ছিল। কিন্তু বর্তমান সময়ে সড়কের প্রশস্ততা বাড়লে খুঁটিগুলো মাঝখানে পড়ে যায়। এতে যান চলাচলে দুর্ভোগ বেড়েছে।
পল্লী বিদ্যুত্ মহেশখালী জোনাল অফিসের কর্মকর্তা কাজী এমদাদুল হক বলেন, সড়কের মাঝখান থেকে খুঁটি সরাতে পল্লী বিদ্যুতের নিজস্ব ঠিকাদারকে দায়িত্ব দেওয়া হয়েছে। নানা কারণে বিপজ্জনক খুঁটিগুলো সরাতে বিলম্ব হচ্ছে। জুলাই মাসের প্রথম দিকে এগুলো সরানো সম্পন্ন হবে। অন্য এলাকার বিপজ্জনক বৈদ্যুতিক খুঁটিগুলোও অপসারণে কাজ চলছে বলে উল্লেখ করেন তিনি।
