বেরোবি প্রতিনিধি
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ৪৪ মাসের বকেয়া বেতনের দাবিতে কর্মচারী সমন্বয় পরিষদের আন্দোলনকে কেন্দ্র করে কার্যত অস্থিতিশীল হয়ে পড়েছে ক্যাম্পাস। ফলে, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। বুধবার প্রশাসনিক ভবনের গেটে অবস্থান নিয়ে চতুর্থ দিনের মতো কর্মবিরতি পালন করে কর্মচারীরা। শান্তিপূর্ণ আন্দোলনে হামলাকারীদের বিচারের আওতায় এনে শাস্তির দাবি জানান তারা। এ সময়, হামলাকারীদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেখা যায় তাদের। উপাচার্য ক্যাম্পাসে না থাকায় একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি বরাবর একটি স্মারকলিপিও জমা দেন তারা। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, ‘ক্যাম্পাসের পরিস্থিতি বিবেচনা করে নতুন প্রক্টর নিয়োগ দেওয়া হয়েছে।’
