তৃণমূলের ভোটে আওয়ামী লীগের দলীয় প্রার্থী বাছাই

আপডেট : ২৬ জুন ২০১৯, ২২:১১

রামগতিতে ইউপি নির্বাচন

রামগতি (লক্ষ্মীপুর) সংবাদদাতা

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বড়খেরি ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী বাছাই করা হয়েছে। সোমবার বিকেলে রামগতি বাজারে উপজেলার দক্ষিণাঞ্চলীয় আওয়ামী লীগ কার্যালয়ে তৃণমূল পর্যায়ে ভোট গ্রহণের মাধ্যমে দলীয় একক প্রার্থী বাছাই করা হয়। এসময় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল ওয়াহেদ মুরাদ উপস্থিত ছিলেন।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওয়াহেদ জানান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরমান হোসেন মিরাজ ও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি হাসান মাকসুদ মিজান বড়খেরি ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন চান। আলোচনায় সমাধান না হওয়ায় দলীয় একক প্রার্থী বাছাইয়ের জন্য ভোট গ্রহণ করা হয়। রামগতি বাজারে উপজেলার দক্ষিণাঞ্চলীয় আওয়ামী লীগ কার্যালয়ে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বড়খেরি ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের ৯টি ইউনিট, ইউনিয়ন আওয়ামী লীগ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকরা এতে ভোট দেন। মোট ২২ ভোটের মধ্যে ১৫ ভোট পেয়ে হাসান মাকসুদ মিজান দলীয় একক প্রার্থী নির্বাচিত হন। আরমান হোসেন মিরাজ পান ৭ ভোট।

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল ওয়াহেদ মুরাদ জানান, কেন্দ্রীয় আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচনী বোর্ডের নির্দেশনা অনুযায়ী দলীয় একক প্রার্থী বাছাইয়ে তৃণমূল পর্যায়ে এ ভোটগ্রহণ করা হয়। কেন্দ্র চূড়ান্ত সিদ্ধান্ত নিবে।

উল্লেখ্য, আগের চেয়ারম্যান হাসান মাহমুদ ফেরদৌস গত ৯ মার্চ মারা যাওয়ায় এ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদটি শূন্য হয়। চেয়ারম্যান পদ শূন্য হওয়ায় এ ইউনিয়নে উপ-নির্বাচনের তফসিল গত ১৯ জুন ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩০ জুন। আর ভোটগ্রহণ করা হবে ২৫ জুলাই।