মিরসরাইয়ে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত এক

আপডেট : ২৬ জুন ২০১৯, ২২:১১

মিরসরাই ( চট্টগ্রাম) সংবাদদাতা

মিরসরাইয়ে চোর সন্দেহে গণপিটুনিতে একজন নিহত হয়েছে। তার নাম কবির আহম্মদ (৩৫)। সে পটুয়াখালী সদর থানাধীন গাবুয়া মোল্লাবাড়ির আমজাদ মোল্লার পুত্র। বুধবার ভোরে উপজেলার মায়ানী ইউনিয়নের মধ্যম মায়ানী চৌধুরী বাড়িতে এই ঘটনা ঘটে। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করে। নিহতের ভাই মিজানূর রহমান জানান, তার ভাই কবির আহম্মদ মঘাদিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে শ্রমিকের কাজ করতো।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল কবির জানান, স্থানীয় এক মহিলা দাবি করেন— চুরি করতে গিয়ে চোর কবির আহম্মদ এক মহিলার গায়ে হাত দেয়। পরে স্থানীয়রা উত্তেজিত হয়ে পড়ে কবির আহম্মদকে গণপিটুনি দিতে থাকে। এতে তার মৃত্যু হয়। এবিষয়ে মায়ানী ইউনিয়ন পরিষদের চৌকিদার রতন বড়ুয়া বাদি হয়ে একটি মামলা দায়ের করেছে।