২০১৯ বিশ্বকাপ জয়ে ইংল্যান্ডের হয়ে যে ক’জন ক্রিকেটার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন, তাদের মধ্যে বেন স্টোকস ও জোফরা আর্চার ছিলেন অন্যতম। টুর্নামেন্টের শীর্ষ উইকেট শিকারি ছিলেন আর্চার।
চার বছরের ব্যবধানে বদলে গেছে অনেক কিছু। অধিনায়ক ইয়ন মরগ্যান আগেই অবসরে চলে গেছেন। অবসরের ঘোষণা দিয়েছিলেন বেন স্টোকসও। আবার ইনজুরির কারণে দীর্ঘদিন দলে নেই পেসার জোফরা আর্চার। খবর ইএসপিএনের।
ভারতে অনুষ্ঠেয় আসন্ন বিশ্বকাপ উপলক্ষে অবসর ভেঙে দলে ফিরে এসেছেন স্টোকস। কিন্তু ইনজুরির কারণে জোফরা আর্চার থেকে গেলেন বাতিলের খাতায়। অর্থাৎ স্টোকসকে ফিরিয়ে ও আর্চারকে বাদ দিয়ে আগামী বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা করছে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড।
বিশ্বকাপের আগে পুরোপুরি ফিট হওয়ার জোর চেষ্টা চালিয়েছেন আর্চার। কিন্তু সময়ের সঙ্গে দৌঁড়ে আর পারেননি। তবে বিশ্বকাপগামী দলের সঙ্গে ভারত সফর করবেন তিনি। এ কারণে যে, ‘অলৌকিকভাবে’ যদি ইনজুরি থেকে মুক্তি পান তিনি!
ইংল্যান্ড নির্বাচক দলের সদস্য ও সাসেক্সে আর্চারের সাবেক টিমমেট লুক রাইট বলেন, 'ইংল্যান্ড খুবই ডেসপারেট আর্চারের ইনজুরি থেকে মুক্তির ব্যাপারে। তবে, আমরা কোনোভাবেই জোর করে তাকে খেলাতে চান না।'
জোফরা আর্চারকে তো ইনজুরির কারণে দলে নেয়নি। একই সঙ্গে দারুণ ফর্মে থাকা সত্ত্বেও তরুণ ব্যাটার হ্যারি ব্রুককেও বিশ্বকাপের দলে নেয়নি ইংলিশরা। ১৫ সদস্যের বিশ্বকাপের প্রাথমিক দলে ছয়জন ফ্রন্টলাইন পেসারকে অন্তর্ভূক্ত করেছে ইংল্যান্ড। তবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত পরিবর্তন করা যাবে এই তালিকায়।
বিশ্বকাপ সামনে রেখে ইংল্যান্ডের প্রাথমিক স্কোয়াড: জস বাটলার (অধিনায়ক), মঈন আলি, গাস অ্যাটকিনসন, জনি বেয়ারেস্ট, স্যাম কারান, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, রিস টপলি, ডেভিড উইলি, মার্ক উড, ক্রিস ওকস।
