কুমিল্লার চৌদ্দগ্রামে পুলিশের ওপর হামলা চালিয়ে তিন মামলার ওয়ারেন্টভুক্ত কাজী এমদাদ নামে এক আসামিকে ছিনিয়ে নিয়েছে তার সহযোগীরা। এ সময় তাদের হামলায় ৩ পুলিশসহ ৪ জন আহত হয়েছেন।
বুধবার (১৬ আগস্ট) বিকালে উপজেলার কনকাপৈত ইউনিয়নের করপাটি গ্রামে এ ঘটনা ঘটে। থানার ওসি শুভ রঞ্জন চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন।
আহতরা হলেন এএসআই আজিম উদ্দিন, কনষ্টেবল জাকির হোসেন, আবু বকর ছিদ্দিক ও সিএনজি অটোরিকশা চালক সাইফুল ইসলাম। অপরদিকে পলাতক আসামি কাজী এমদাদ উপজেলার করপাটি গ্রামের আবুল হাশেম ডিলারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কাজী এমদাদ যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। গত ইউপি নির্বাচনে তার বড় ভাই কাজী ইকবাল হোসেন আওয়ামী লীগ থেকে মনোনয়ন বঞ্চিত হয়ে আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। তখন তার বিরুদ্ধে থানায় দাঙ্গা-হাঙ্গামার মামলা হয়। এছাড়াও তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করায় তার বিরুদ্ধে থানায় ডিজিটাল নিরাপত্তা আইনেও মামলা রয়েছে। নির্বাচনের পর পরই তিনি সৌদি আরবে চলে যান। গত কয়েকদিন আগে তিনি ছুটিতে বাড়িতে আসেন।
চৌদ্দগ্রাম থানার ওসি শুভ রঞ্জন চাকমা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকালে এমদাদকে গ্রেপ্তার করতে গেলে তার সহযোগীরা পুলিশের ওপর হামলা চালায়। হামলায় ৪ জন আহত হয়েছেন। পলাতক এমদাদের বিরুদ্ধে তিনটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। পলাতক এমদাদ ও তার সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
