দিনাজপুর অফিস ও বিরামপুর সংবাদদাতা
দিনাজপুরের নবাবগঞ্জে বসতবাড়ির পানি নিষ্কাশনের নালা তৈরি করাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে জামাল উদ্দিন (৫৫) নামে এক কাঠ ব্যবসায়ী নিহত হয়েছে। তিনি উপজেলার ৩ নম্বর গোলাপগঞ্জ ইউনিয়নের হরিপুর (সোনাজুড়ী) গ্রামের মৃত আবদুর রহমানের ছেলে।
নিহতের ছেলে শাহিদুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে তার ফুপু সোনা বানুর খুলিয়ানের পানি নিষ্কাশনের নালা করাকালে একই গ্রামের প্রতিবেশীরা ধারাল অস্ত্র দিয়ে সোনা বানু ও তার দুই ছেলে রহিজাল ও মকবুল হোসেনকে গুরুতর জখম করে। এ সময় তার বাবা (জামাল উদ্দিন) তার বাড়ির সামনে অবস্থান করছিল। অস্ত্রধারী প্রতিবেশীরা ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে তাকে গুরুতর জখম করে। পরে আহতদের হাসপাতালে নিলে চিকিত্সক তার বাবাকে মৃত্যু ঘোষণা করে।
নবাবগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার জানান, এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে এবং থানায় মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য দিনাজপুর মর্গে পাঠানো হয়েছে।
