বর্তমান প্রেক্ষাপটে আগ্রাসী ক্রিকেট খেলতে চান পাকিস্তানের প্রধান কোচ গ্রান্ট ব্র্যাডবার্ন। ভারতের মাটিতে আগামী ওয়ানডে বিশ্বকাপ ও এশিয়া কাপকে সামনে রেখে আগ্রাসী ক্রিকেটে চোখ তার। আসন্ন আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে আগ্রাসী ক্রিকেট খেলার পরিকল্পনা ব্র্যাডবার্নের।
ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে ইতিমধ্যেই নিজেদের পরিকল্পনা সাজিয়ে ফেলেছে পাকিস্তান। এরমধ্যে পাকিস্তানের প্রথম ও প্রধান লক্ষ্য আগ্রাসী ক্রিকেট। আগামী সপ্তাহে শ্রীলঙ্কার মাটিতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ দিয়েই লক্ষ্যের সূচনা করতে চান ব্র্যাডবার্ন। শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে লাহোরে সাংবাদিকদের ব্র্যাডবার্ন বলেন, ‘বোলার কখন খারাপ বল করবে, সেজন্য অপেক্ষা করতে চাই না। আমরা আগ্রাসী হতে চাই।’
তিনি আরও বলেন, ‘আমরা দক্ষতা অনুযায়ী প্রস্তুতি নিচ্ছি। ম্যাচে সেই দক্ষতাগুলো কাজে লাগাতে চাই। ক্রিকেটারদের প্রতি কোচের অনুরোধ বা নির্দেশ নয়, এটি তাদের দলে থাকার জন্যই দরকার। কারণ সারা বিশ্বের ক্রিকেট এভাবেই এগিয়ে যাচ্ছে। আমরা জয়ের জন্যই ক্রিকেট খেলতে চাই।’
এক দিনের ক্রিকেটে কম রান ওঠায় ম্যাচের মাঝের ওভারগুলো নিয়ে চিন্তিত ব্র্যাডবার্ন। তবে সেখানেও আগ্রাসী ক্রিকেট খেলার কথা জানালেন ব্র্যাডবার্ন। তিনি বলেন, ‘আমাদের পরিকল্পনা আগ্রাসী ক্রিকেট খেলবো। বিশেষ করে মাঝের ওভারে। ওয়ানডে ফরম্যাটে মাঝের ওভারে রান তোলা খুবই গুরুত্বপূর্ণ। এখানেই সাফল্য পাচ্ছে না পাকিস্তান। যেখানে আমাদের সফল হওয়া উচিত। আমাদের আগ্রাসী মনোভাবের সঙ্গে স্কিল রপ্ত করছি। শুধু ব্যাটিংয়ে নয়, বোলিং এবং ফিল্ডিংয়েও আমরা স্কিল রপ্ত করছি। আমরা সেই সময় উইকেটও নিতে চাই।’
আগামী ২২ আগস্ট থেকে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শুরু করবে পাকিস্তান। তিনি বলেন, ‘আমরা একটি করে ম্যাচ নিয়ে ভাববো। বর্তমানে আফগানিস্তানকে নিয়েই ভাবছি। আফগানরা শক্ত প্রতিপক্ষ, এজন্য তাদের যথেষ্ট সমীহভাবে দেখছি আমরা। আধুনিক ক্রিকেটে আমরা কাউকেই অবজ্ঞা করতে পারি না, এমনকি আফগানিস্তানকেও নয়।’
