চুয়াডাঙ্গা সদর উপজেলায় নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে মোছা. মমতাজ মহলকে পদায়ন করা হয়েছে। তিনি খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে কর্মরত ছিলেন। বুধবার খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার আবু রাসেল স্বাক্ষরিত এক আদেশে তাকে চুয়াডাঙ্গা সদর ইউএনও হিসেবে পদায়ন করে প্রজ্ঞাপন জারি করা হয়।
চুয়াডাঙ্গা সদর উপজেলায় শামীম ভূঁইয়ার স্থলে মমতাজ মহল ইউএনও হিসেবে বদলির আদেশপ্রাপ্ত হওয়ায় প্রথম বারের মতো চুয়াডাঙ্গার চারটি উপজেলাতেই নারী ইউএনও পাচ্ছেন জেলাবাসী। বর্তমানে জেলার দামুড়হুদা, জীবননগর ও আলমডাঙ্গা উপজেলার ইউএনও হিসেবে কর্মরত আছেন তিন জন নারী। সেই সঙ্গে নতুন করে যোগ হচ্ছেন সদরের ইউএনও নারী কর্মকর্তা।
দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্বরত আছেন রোকসানা মিতা। তিনি চলতি বছরের ১৯ জানুয়ারি এ উপজেলায় যোগদান করেন। আলমডাঙ্গায় ইউএনও হিসেবে কর্মরত আছেন স্নিগ্ধা দাস। তিনি গত ১৮ জুন থেকে আলমডাঙ্গা ইউএনও হিসেবে দায়িত্ব পালন করছেন। জীবননগরে ইউএনও হিসেবে দায়িত্ব পালন করছেন আরেক নারী কর্মকর্তা হাসিনা মমতাজ। তিনি যোগ দেন গত ১৯ জুলাই। এরপর গত ১৬ আগস্ট চুয়াডাঙ্গা সদরের ইউএনও হিসেবে পদায়ন হন মমতাজ মহল নামে আরো এক নারী কর্মকর্তা।
একটি জেলার চার উপজেলাতেই নারী নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের বিষয়টি ইতিবাচক হিসেবেই দেখছেন সচেতন মহল। তাদের মতে, এ থেকে নারীর ক্ষমতায়ন ও নারী অগ্রযাত্রার রোল মডেল হতে পারে চুয়াডাঙ্গা। যদিও কর্মক্ষেত্রে নারী এবং পুরুষের আলাদা করে দেখার সুযোগ নেই। নারীরাও এখন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা বলেন, রাষ্ট্রীয় রীতিনীতি মেনে আদেশপ্রাপ্ত জেলার সবকটি উপজেলার ইউএনওরা তাদের কর্ম ও মায়ামমতা দিয়ে স্থানীয় জনসাধারণের মন জয় করবেন এমনটিই প্রত্যাশা করছি।
