সংবাদ সংক্ষেপ

আপডেট : ২৬ জুন ২০১৯, ২২:১৮

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার

বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

কিশোরগঞ্জ প্রতিনিধি মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে বুধবার শহরে র্যালি বের হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)  মোঃ হাবীবুর রহমান ও প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের উপ-পরিচালক মোঃ আবদুল্লাহ। বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ হাবীব তৌহিদ ইমাম, জেল সুপার  মোঃ বজলুর রহমান, জেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা কামাল প্রমুখ।

প্রতিবন্ধী তরুণীর ধর্ষকের শাস্তি দাবি

হোমনা (কুমিল্লা) সংবাদদাতা হোমনায় শারিরীক ও বুদ্ধি প্রতিবন্ধী তরুণীর ধর্ষক মঙ্গল মিয়াকে (৬৫) গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। বুধবার উপজেলা পরিষদের সামনের সড়কে মানববন্ধন কর্মসূচিতে উপজেলার বিভিন্ন শ্রেণি ও পেশার লোকজন অংশ নেন। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক গাজী ইলিয়াস, উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি চন্দন লাল রায় প্রমুখ।

নরসিংদীতে মাদকবিরোধী শপথবাক্য পাঠ

নরসিংদী প্রতিনিধি মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবসে বুধবার নরসিংদীতে সহস্রাধিক শিক্ষার্থী শপথ বাক্য পাঠ করেছে। জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের বাসভবনের সামনে রাস্তার দু’পাশে স্কুল কলেজের সহস্রাধিক শিক্ষার্থী, শিক্ষক, বিভিন্ন সরকারি দপ্তর প্রধান, গণমাধ্যমকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ মানববন্ধনে অংশগ্রহণ করেন। এ সময় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন মাদক বিরোধী শপথ বাক্য পাঠ করান।

গোবিন্দগঞ্জে অগ্নিকাণ্ডে নয় ঘর ভস্মীভূত

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা গোবিন্দগঞ্জে মঙ্গলবার রাত দেড়টার দিকে অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের নয়টি ঘর ভস্মীভূত হয়েছে। এছাড়া দুইটি গরুসহ গবাদিপশু পুড়ে মারা গেছে। স্থানীয়রা জানায়, উপজেলার তালুককানুপুর ইউনিয়নের উত্তরপাড়া গ্রামে শাহআলম, মন্টু মিয়া ও আব্দুর রহমানের বাড়িতে আগুন লাগে। এ সময় তাদের নয়টি ঘর সম্পূর্ণ পুড়ে যায়। দগ্ধ হয়ে মারা গেছে দুইটি গরু। ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক শাহআলম জানান, অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ নয় লক্ষাধিক টাকা। গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ রতন শর্মা জানান, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।

মীর্জাগঞ্জে দুদকের গণশুনানি

মীর্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা মীর্জাগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় উপজেলা প্রশাসনের সহযোগিতায় বুধবার দুর্নীতি দমন কমিশন দুদকের গণশুনানী হয়। উপজেলার বিভিন্ন সরকারি অফিসের অংশগ্রহনে এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পটুয়াখালী জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী। প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার (অনুসন্ধান) ড. মো. মোজাম্মেল হক খান। বিশেষ অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়ের পরিচালক নাসিম আনোয়ার।

নারীর ক্ষমতায়নে উঠান বৈঠক

মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা উপজেলার মেছরদিয়া গ্রামে জাতীয় মহিলা সংস্থা উদ্যোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীর ক্ষমতায়ন প্রকল্প-(২য় পর্যায়) আয়োজনে বুধবার উঠান বৈঠক হয়। উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তফা মনোয়ার রহমান।

নালিতাবাড়ী পৌরসভার বাজেট ঘোষণা

নালিতাবাড়ী (শেরপুর) সংবাদদাতা নতুন কোনো কর আরোপ ছাড়াই শেরপুরের নালিতাবাড়ী পৌরসভার ২০১৯-২০২০ সালের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।  বুধবার দুপুরে পৌরসভার কার্যালয়ে মেয়র আবু বক্কর সিদ্দিক ২০ কোটি ৭ লাখ টাকার বাজেট ঘোষণা করেন।  উদ্ধৃত বাজেটে উন্নয়ন খাতে আয় দেখানো হয়েছে ১৬ কোটি ৬২ লাখ। আর রাজস্ব খাতে আয় দেখানো হয়েছে ৩ কোটি ৪৫ লাখ, ব্যয় দেখানো হয়েছে ৩ কোটি ৪ লাখ টাকা।

নবীনগর পৌরসভার বাজেট ঘোষণা

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা নবীনগর পৌরসভা ২০১৯-২০২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষনা করা হয়েছে। বুধবার পৌরসভার কার্যালয়ে ৭৭ কোটি ৬১ লক্ষ ৪২ হাজার ৬৯৩ টাকা ৫৬ পয়সার প্রস্তাবিত বাজেট ঘোষনা করেন পৌর মেয়র মো. মাঈন উদ্দিন মাইনু। বাজেটে উদ্বৃত্ত দেখানো হয়েছে ৫৯ লক্ষ, ৩০ হাজার, ৪শত ৯টাকা ১৯ পয়সা।

বাগেরহাটে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

বাগেরহাট প্রতিনিধি বাগেরহাটে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে বুধবার নানা কর্মসূচি পালিত হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারি পরিচালক বুলু শেখের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।

ভিক্ষুক পুনর্বাসন ও মাদকবিরোধী সমাবেশ

ধামরাই (ঢাকা) সংবাদদাতা ভিক্ষুকমুক্ত উপজেলা গঠনের অংশ হিসেবে ঢাকার ধামরাইয়ে ১০ জন ভিক্ষুকের মাঝে ৫ লাখ টাকার ১০টি ব্যাটারিচালিত ভ্যান গাড়ি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ধামরাই উপজেলা পরিষদ চত্ত্বরে ঢাকা জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান ভিক্ষুকদের মাঝে এ ভ্যান গাড়ি বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। এসময় ভিক্ষুক পূনর্বাসন তহবিলের জন্য জেলা প্রশাসকের হাতে নগদ ১ লাখ টাকা তুলে দেন ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন।

উগ্রবাদ প্রতিরোধে করণীয় শীর্ষক সেমিনার

খুলনা অফিস নর্দান ইউনিভার্সিটি অব বিজনেজ অ্যান্ড টেকনোলজি খুলনায় ‘উগ্রবাদ প্রতিরোধে করণীয়’ শীর্ষক ছাত্র সংলাপ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের মিলানায়তনে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সহযোগিতায় সেমিনার হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার খন্দকার লুত্ফুল কবির। সভাপতিত্ব করেন এনইউবিটি খুলনার উপাচার্য প্রফেসর ড. আবু ইউসুফ মো.আব্দুল্লাহ।

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস

উপলক্ষে র্যালি ও আলোচনা

ময়মনসিংহ প্রতিনিধি মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে বুধবার ময়মনসিংহে র্যালি ও আলোচনা সভা হয়েছে। জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসন কার্যালয় থেকে র্যারি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হল প্রাঙ্গনে গিয়ে শেষ। পরে অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটরিয়ামে আলোচনা সভা হয়।

নারী-শিশুর প্রতি বৈষম্য নিরসন

ও নির্যাতন প্রতিরোধ কর্মশালা

জয়পুরহাট প্রতিনিধি জয়পুরহাটে বুধবার নারী-শিশুর প্রতি বৈষম্য নিরসন ও নির্যাতন প্রতিরোধে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। জেন্ডার জাস্টিস এন্ড ডাইভারসিটি কর্মসূচীর আওতায় ওই প্রশিক্ষন কর্মশালার আয়োজন করা হয়। ব্র্যাকের বিভিন্ন শাখা অফিসে দায়িত্ব পালনকারী ১৮ জন কাস্টমার সার্ভিস অ্যাসিসটেন্ট  (সিএসএ) এই দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণে অংশগ্রহন করেন।