বিএনপির র্যালিতে পুলিশের বাধা আটক ১০

আপডেট : ২৬ জুন ২০১৯, ২২:২৩

ইত্তেফাক রিপোর্ট

পুলিশের বাধায় ‘নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসের’ র্যালি করতে পারেনি বিএনপি। দিবসটি উপলক্ষে গতকাল বুধবার সকাল ১০টায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালি করার উদ্যোগ নেন দলের নেতাকর্মীরা। এসময় তারা পুলিশের সঙ্গে যোগাযোগ করে অনুমতি চাইলেও পুলিশ নিষেধ করে। দলীয় কার্যালয়ের আশপাশে জড়ো হওয়া  ৯-১০ জনকে আটক করে নিয়ে যায় পুলিশ। পুলিশের মতিঝিল বিভাগের সহকারী কমিশনার মিশু বিশ্বাস জানান, র্যালির অনুমতি ছিল না। তাই পুলিশ কমিশনারের নির্দেশে র্যালি করতে দেওয়া হয়নি।  দুপুর পৌনে একটার দিকে বিএনপির কার্যালয়ের নিচে প্রতিবাদ সমাবেশ করেন নেতা-কর্মীরা। র্যালি করতে বাধা দেওয়ায় সরকারের কঠোর সমালোচনা করেন রিজভী। একই সঙ্গে তিনি আটককৃতদের অবিলম্বে মুক্তি দাবি করেন।

এ সময় উপস্থিত ছিলেন দলের যুগ্ম-সচিব খাইরুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু, সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোরতাজুল করিম বাদরু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন প্রমুখ।