বাংলাদেশ গ্রাম থিয়েটার-এর ৯ম জাতীয় সম্মেলন ও নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৪ তম জন্মজয়ন্তী অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১৯ আগস্ট) আয়োজনের দ্বিতীয় দিন সমাপনী অনুষ্ঠানে বাঙালির ঐতিহ্যবাহী নাট্যাঙ্গিক, শিল্পরীতি আশ্রিত জাতীয় নাট্যাঙ্গিক নির্মাণ, একইসঙ্গে চর্চা অব্যাহত রেখে ঔপনিবেশিক নাট্য ও শিল্পরীতির অবসান ঘটানোর লক্ষ্যে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
একইসঙ্গে বাংলাদেশ গ্রাম থিয়েটারের স্বপ্নদ্রষ্টা নাট্যাচার্য সেলিম আল দীন রচিত পথ ঔপনিবেশিক অবলেশ মুক্ত বাংলা নাটকের সঠিক পথ-এ কথা বিশ্বাস রেখে আগামী দিনগুলোতে সৃষ্টিশীলতা জারি রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।
এছাড়া সাম্প্রতিক সময় ধর্মীয় মৌলবাদ ও সাম্প্রদায়িকতা উত্থান প্রতিরোধে সমমনা সব সামাজিক সাংস্কৃতিক শক্তিকে নিয়ে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার মাধ্যমে দুর্নীতিমুক্ত, লুণ্ঠনমুক্ত একটি গণতান্ত্রিক ও প্রগতিশীল শিক্ষাব্যবস্থার আলোকে সুসম রাষ্ট্র গঠনের অঙ্গীকার করা হয়।
