প্রতিদ্বন্ধী প্রার্থীর অনুষ্ঠানে যাওয়ায় ছাত্রলীগ নেতাকে বহিষ্কারের অভিযোগ

আপডেট : ২০ আগস্ট ২০২৩, ১৭:৩৪

নরসিংদীর রায়পুরায় শোক দিবসে প্রতিদ্বন্ধী প্রার্থীর অনুষ্ঠানে যোগ দেওয়ায় ছাত্রলীগ নেতা জাহিদুল হক তানভীরকে অব্যাহতি দেওয়ার অভিযোগ উঠেছে।

রোববার (২০ আগস্ট) দুপুরে রায়পুরা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ছাত্রলীগ নেতা এই অভিযোগ করেন।

অব্যাহতি পাওয়া জাহিদুল হক তানভীর রায়পুরা পৌরসভার ১নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

সংবাদ সম্মেলনে তানভীর বলেন, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য রিয়াদ আহমেদ সরকারের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে নেতা-কর্মীসহ অংশগ্রহণ করেন। এতে স্থানীয় সংসদ সদস্য রাজিউদ্দিন আহমেদ রাজুর ছেলে ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব আহমেদ পার্থ তার ওপর ক্ষিপ্ত হয়। এরই পরিপ্রেক্ষিতে এমপির ছেলের নির্দেশে রায়পুরা পৌরসভা ছাত্রলীগ শুক্রবার কোনো কারণ দর্শানোর নোটিশ ছাড়াই বিনা অপরাধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে তাকে পদ থেকে অব্যাহতি দেন। এতে তৃণমূল ছাত্রলীগ কর্মীরা মর্মাহত হয়েছে। তিনি কেন্দ্রীয় ও জেলা ছাত্রলীগের নিকট বহিষ্কার প্রত্যাহারের অনুরোধ জানান।

রাজিব আহমেদ পার্থ বলেন, এ ব্যাপারে আমি কোনো মতামত দিতে চাইনা। কারণ এটা সম্পূর্ণ ছাত্রলীগের বিষয়।

রায়পুরা পৌর ছাত্রলীগের সভাপতি রাতুল চৌধুরী বলেন, বাংলাদেশ ছাত্রলীগ ও নরসিংদী জেলা ছাত্রলীগ সাংগঠনিকভাবে নির্দেশনা দিয়েছে সাঈদীর পক্ষে যারা পোস্ট দিয়েছে বা সাইদীর বিষয় নিয়ে অন্যান্য কথা বলেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। জাহিদুল হক তানভীর সাঈদীর পক্ষে পোস্ট দিয়ে পরে তা সরিয়ে নেয়। পরে ম্যাসেঞ্জারে অনেকেই তার দেওয়া পোস্টের ছবি স্ক্রিনশট আকারে আমার কাছে পাঠালে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করি।

ইত্তেফাক/এবি