ঘুষ কেলেঙ্কারি

দুদকের এনামুল বাছিরের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা

আপডেট : ২৬ জুন ২০১৯, ২২:৩৩

দুদকের বরখাস্ত হওয়া পরিচালক খন্দকার এনামুল বাছিরের বিরুদ্ধে জিআইজি মিজানের কাছ থেকে ৪০ লাখ টাকা ঘুষ নেওয়ার প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক। অভিযোগের সত্যতা পাওয়ার পর দুদক থেকে দুদকের সাবেক কর্মকর্তা এনামুল বাছিরের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করে চিঠি পাঠিয়েছে অভিযোগ তদন্তের দায়িত্বে থাকা দুদক পরিচালক  শেখ মো. ফানাফিল্যা। গতকাল বুধবার এ বিষয়ে পুলিশের ইমিগ্রেশন থানায় চিঠি পাঠানো হয়েছে। অবৈধ সম্পদের অভিযোগ থেকে দায়মুক্তি দেওয়ার চুক্তিতে ডিআইজি মিজানের (বর্তমানে বরখাস্ত) বিরুদ্ধে অনুসন্ধানকালীন তত্কালীন অনুসন্ধান কর্মকর্তা ও দুদক পরিচালক খন্দকার এনামুর বাছিরের (বর্তমানে বরখাস্ত) বিরুদ্ধে ৪০ লাখ টাকা ঘুষ নেওয়া এবং ছেলের জন্য গাড়ি দাবি করার অডিও রেকর্ড   ফাঁস হয়। এরপর এনামুল বাছিরকে অনুসন্ধানের দায়িত্ব থেকে সরিয়ে দিয়ে সাময়িক বরখাস্ত করে দুদক।  ‘এনামুল বাছির দেশত্যাগ করতে পারেন’—এমন তথ্যের ভিত্তিতে পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত মহাপরিদর্শককে দেওয়া চিঠিতে বলা হয়, ‘সংশ্লিষ্ট ব্যক্তির (বাছির) ঘুষ লেনদেন ও মানিলন্ডারিং সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ অভিযোগের সত্যতা দুদকের অনুসন্ধানে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে বক্তব্য নেওয়া একান্ত প্রয়োজন। ইতিমধ্যে অভিযোগ সংশ্লিষ্ট বিষয়ে বক্তব্য প্রদানের জন্য তার বরাবর নোটিশ প্রেরণ করা হয়েছে। বিশ্বস্ত সূত্রে জানা যায় যে, তিনি সপরিবারে দেশত্যাগ করে অন্য দেশে যাওয়ার চেষ্টা করছেন। অনুসন্ধান কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বাছিরের বিদেশ গমন ঠেকানো জরুরি।’