কক্সবাজারে অস্ত্র-গুলিসহ চিহ্নিত সন্ত্রাসী গ্রেপ্তার

আপডেট : ২০ আগস্ট ২০২৩, ২০:০৭

কক্সবাজার সদরের ভারুয়াখালী থেকে তিনটি দেশীয় বন্দুক ও ৯৮ রাউন্ড গুলিসহ চিহ্নিত অপরাধী মোহাম্মদ বাবুলকে (৪৪) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৯ আগস্ট) রাতে ভারুয়াখালী ইউনিয়নের ভারুয়াখালী বাজারের পুতুইন্যা খলিফার গ্রিল ওয়ার্কশপের দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার বাবুল এই এলাকার বাসিন্দা।

পুলিশের কক্সবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান জানান, শনিবার মধ্যরাতে কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের লিংকরোড এলাকায় পুলিশের একটি দল অবস্থান করছিল।

এ সময় ভারুয়াখালী বাজার এলাকায় অপরাধ সংঘটনের উদ্দেশ্যে কতিপয় অস্ত্রধারী লোকজন অবস্থান করছে বলে সংবাদ আসে। পরে সেখানে অভিযানে যায় পুলিশ। ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পুতুইন্যার গ্রিল ওয়ার্কশপের ভেতর থেকে তিনজন সন্দেহজনক লোক দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া দিয়ে একজনকে আটক করা সম্ভব হলেও অপর দুইজন পালিয়ে যায়। পরে বাবুলের সঙ্গে থাকা একটি ব্যাগের ভেতর দেশিয় পদ্ধতিতে তৈরি তিনটি কাটা বন্দুক ও ৯৮টি রাইফেলের গুলি পাওয়া যায়।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, গ্রেপ্তার হওয়া মোহাম্মদ বাবুল একজন চিহ্নিত সন্ত্রাসী ও অস্ত্র কারবারি। তার বিরুদ্ধে নানা অভিযোগে থানায় একাধিক মামলা রয়েছে। এসব মামলায় সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

ইত্তেফাক/পিও