রাশিয়ান বিখ্যাত পাপেটিয়ার, অভিনেতা, নির্দেশক এবং ডিজাইনার নিকোলাই জাইকভের পরিবেশনা ‘এ লাইট পাপেট শো’ দিয়ে পর্দা নামল ১ম বাংলাদেশ আন্তর্জাতিক নাট্যোত্সব ২০১৯ এর। গতকাল বুধবার সন্ধ্যায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মনোমুগ্ধকর এ প্রদর্শনীটি অনুষ্ঠিত হয়। গতকাল ভিয়েতনামের নাটকের দল লে নক থিয়েটার মঞ্চস্থ করে নাটক ‘কিম তু’। চীনের নাটক ওয়াইল্ডার্নেসের ভিয়েতনামীকরণ ‘কিম তু’ নির্দেশনা দিয়েছেন সিঙ্গাপুরের নাট্য ব্যক্তিত্ব চুয়া সু পং। নেপালের মান্ডালা থিয়েটারের প্রযোজনা ঝিয়ালিঞ্চা (গঙ্গাফড়িং) নাটকটি সে দেশে চলমান মাওবাদী বিপ্লবের ওপর বিখ্যাত লেখক কুমার নাগরকোটির একটি ছোট গল্পের ওপর ভিত্তি করে নির্মিত। এটি পরিচালনা করেন ডিজাহং রাই। নির্দেশনা দিয়েছেন শ্রী রায় এবং সংগীত পরিচালনা করেন অনুপম শর্মা। অভিনয়ে ছিলেন— বিজয়াইরাল ও রঞ্জনা ওলিহাস।
এবারের নাট্য উত্সব ছয়টি আন্তজার্তিক নাট্য প্রযোজনার সাথে মাস্টারক্লাস, সেমিনার, কর্মশালা এবং মিট দ্য ডিরেক্টরে সমৃদ্ধ ছিল, যা দর্শক এবং নাট্যকর্মীদের মধ্যে আলোড়ন সৃষ্টি করে। এছাড়া আজ নিকোলাই জাইকভের পরিচালনায় বাংলাদেশের নাট্যকর্মীদের জন্য ‘লাইট পাপেট’ বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হবে।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে, বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট বাংলাদেশ কেন্দ্র এবং বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সহযোগিতায় অনুষ্ঠিত হয় এ উত্সব। উত্সবে ফ্রান্স, রাশিয়া, চীন, ভিয়েতনাম, ভারত, নেপাল ও বাংলাদেশের দুটি নাট্যদলসহ মোট আটটি দল অংশ নিয়েছে।
