প্রথম দিনের বিশেষ ক্যাম্পে নেই মাহমুদউল্লাহ!

আপডেট : ২১ আগস্ট ২০২৩, ১৮:৩৮

আসন্ন এশিয়া কাপের দল ঘোষণার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিকল্পনা করেছে বিশেষ ক্যাম্প করে প্রস্তুত করা হবে আট খেলোয়াড়কে। যাতে মূল দলের কেউ ইনজুরিতে পড়লে কিংবা ছিটকে গেলে সেই জায়গায় পরিবর্তন করা যায় খেলোয়াড়। শোনা যাচ্ছিল এই ক্যাম্পে থাকবেন জুলাই মাসের প্রাথমিক ক্যাম্পে অনুশীলন করা ৩২ খেলোয়াড় থেকে বাদ পড়া কয়েক জন। সেই হিসেবে মার্চ মাস থেকে দলের বাহিরে থাকা মাহমুদউল্লাহ রিয়াদকেও এই ক্যাম্পে রাখার কথা ছিল। তবে প্রথম দিনের অনুশীলনে দেখা গেল না এই অলরাউন্ডারকে।

মিরপুরে চলমান এশিয়া কাপের মূল দলের অনুশীলন শেষ হতেই গতকাল বিশেষ ক্যাম্পের অনুশীলন শুরু হয়। এখানে টাইগারদের সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল, সৌম্য সরকার, জাকির হাসান, সাইফ হাসান, তাইজুল ইসলাম, মোসাদ্দেক হোসেন, তানজীম হাসান সাকিব ও খালেদ আহমেদসহ দেখা গেল অনেককে। তবে মাঠের কোথাও অনুশীলনে দেখা যায়নি মাহমুদউল্লাহকে। 

বিসিবির এক সূত্র বলেছে পারিবারিক কারণে মাহমুদউল্লাহ প্রথম দিনের বিশেষ ক্যাম্পে যোগ দেননি। তবে দ্রুতই এই ক্যাম্পে অনুশীলন করতে দেখা যাবে তাকে। প্রথম দিনের অনুশীলনে ছিলেন কোচ সোহেল ইসলাম। তার তত্ত্বাবধানে চলবে এই ক্রিকেটারদের অনুশীলন।

ইত্তেফাক/জেডএইচ