জাফলংয়ে ঘুমের মধ্যে আগুনে পুড়ে মা ও মেয়ের মৃত্যু

আপডেট : ২১ আগস্ট ২০২৩, ১৬:৪২

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে ঘুমের মধ্যে আগুনে পুড়ে মা ও মেয়ে নিহত হয়েছেন। এ সময় পরিবারের আরও ৪ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রোববার (২১ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে উপজেলার জাফলংয়ের রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন উপজেলার রসুলপুর গ্রামের ইয়াকুব মিয়ার স্ত্রী জেসমিন আক্তার (৩০) ও মেয়ে সুমাইয়া আক্তার (১৩)। 

এলাকাবাসী জানান, ইয়াকুব মিয়া একই ঘরে মুদির দোকান এবং স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করতেন। রোববার রাতে দোকান বন্ধ করে স্ত্রী-সন্তান নিয়ে ঘুমিয়ে পড়েন। রাত সাড়ে ১২টার দিকে হঠাৎ করে তার ঘরে আগুন ধরে যায়। দোকানে রাখা গ্যাস সিলিন্ডারের কারণে আগুনের তীব্রতা ভয়াবহ রূপ ধারণ করে। মুহূর্তেই পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এতে পরিবারের সবাই দগ্ধ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ঘটনাস্থল থেকে ইয়াকুব মিয়ার স্ত্রী জেসমিন বেগম ও মেয়ে সুমাইয়া আক্তারের লাশ উদ্ধার করে।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিলুর রহমান বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ইয়াকুব মিয়ার দোকানে আগুনের সূত্রপাত। পরে দোকানে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। তখন মা ও মেয়ে দগ্ধ হন।

ইত্তেফাক/এবি/পিও