আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের প্রতি অবিচল আস্থা রেখে দলের নেতাকর্মীদের আরো ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক শক্তি বাড়ানোর আহ্বান জানিয়েছেন। গতকাল বুধবার বিকালে সিরাজগঞ্জ শহরে দলের সহসভাপতি আবু ইউসুফ সূর্য্য’র বাসায় অনুুষ্ঠিত মিলাদ মাহফিল ও বিশেষ দোয়ায় অংশগ্রহণ শেষে উপস্থিত দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য তিনি এ কথা বলেন। আবু ইউসুফ সূর্য্য’র পিতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে শহরের স্টেডিয়াম রোডে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
দলের নেতাকর্মীদের উদ্দেশ্য করে মোহাম্মদ নাসিম বলেন, কোনো রাজনৈতিক দল যদি চুপচাপ বসে থাকে, মনে রাখতে হবে এর পেছনে তাদের কোনো ষড়যন্ত্র আছে। এই ষড়যন্ত্র মোকাবিলার জন্য সমন্বিত রাজনৈতিক শক্তির প্রয়োজন। আর এ শক্তির যোগানদাতাই হচ্ছে তৃণমূল। তবে তিনি এও বলেন, কোনো ষড়যন্ত্র করে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রা দমিয়ে রাখা যাবে না। দেশ এগিয়ে যাচ্ছে, আরো এগিয়ে যাবে বলেও তিনি উল্লেখ করে বলেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়ন এবং স্থিতিশীলতার একমাত্র আস্থার জায়গা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মিলাদ মাহফিলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল সদস্য, শহীদ এম মনসুর আলীসহ জাতীয় চার নেতার বিদেহী আত্মার শান্তি কামনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় নেতা মোহাম্মদ নাসিমের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়। এ সময় দলের সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম খান, হাজী ইসহাক আলী, আব্দুল হান্নান খান, দানিউল হক মোল্লা, অ্যাডভোকেট আব্দুল হাকিম, অ্যাডভোকেট আব্দুর রউফ পান্না, স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক জিহাদ আল ইসলাম, যুবলীগ সভাপতি রাশেদ ইউসুফ জুয়েল, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাকিরুল ইসরাম লিমন প্রমুখ উপস্থিত ছিলেন।
