বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমাদের দাবি দুটি। প্রথম দাবি বেগম খালেদা জিয়ার মুক্তি। এরপর আমাদের দাবি নিরপেক্ষ সরকারের অধীনে একটি নিরপেক্ষ নির্বাচন। এ দুই দাবি বাস্তবায়িত হলে দেশের সমস্যা চলে যাবে। আমরা নির্যাতিত হয়েছি। কিন্তু মানসিকভাবে পরাজিত হইনি। আমরা এই মুহূর্তে চাই, সবার ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরশাসককে পরাজিত করব। মানবসভ্যতার ইতিহাস বলছে, জনগণের শক্তি দিয়ে এ ধরনের শাসকদের পরাজিত করতে হবে। আর সেজন্য আমাদের সবচেয়ে বড় প্রয়োজন ঐক্য। আমাদেরকে জনগণের ঐক্য সৃষ্টি করতে হবে, রাজনৈতিক দলগুলো, বিভিন্ন বুদ্ধিজীবী যারা আছে তাদের ঐক্যবদ্ধ শক্তির মধ্য দিয়ে এদের পরাজিত করতে হবে।’
নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবস ২০১৯ উপলক্ষে গতকাল বুধবার রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপি আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন। বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক আসাদুজ্জামানের সভাপতিত্বে সেমিনারে আরো বক্তব্য রাখেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. আবদুল মাঈন খান, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, অ্যাডভোকেট জয়নুল আবেদিন, যুগ্ম-মহাসচিব মজিবর রহমান সরোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ। মওদুদ বলেন, ‘আমি গত সপ্তাহে বলেছিলাম, এক সপ্তাহের মধ্যে খালেদা জিয়ার মুক্তি হবে, জামিন এক সপ্তাহের মধ্যে দুটি হয়েছে, এখন আর দুটির অপেক্ষায় আছি, আইনি মাধ্যমে আমরা তাঁকে বের করতে চেষ্টা করছি। তিনি খুব শিগগিরই জামিনের মাধ্যমে মুক্তি পেয়ে ফিরে আসবেন।’
