গাড়ি মাঝ-রাস্তায় দাঁড়িয়ে আছে। চালকের আসন ফাঁকা ও সে দিকের দরজা খোলা। আর সেই গাড়ির সামনে দাঁড়িয়ে এক পুলিশ কনস্টেবলের সঙ্গে সমানে তুমুল ঝগড়া করে চলছেন একজন নারী, এমন কি চলছে হাতাহাতি! ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া যায়।
সম্প্রতি ভারতের দিল্লিতে এ ঘটনাটি ঘটেছে । কী নিয়ে এই ঝগড়া বা গোলমাল, তা এখনো পরিষ্কার নয়। তবে সামাজিক মাধ্যমে ঘটনাটির ভিডিও ভাইরাল হওয়ার কারণে তা নিয়ে চলছে ব্যাপক আলোচনা। ওই নারীকে পুলিশের গায়ে হাত তুলতে দেখে নেটিজেনরাও বিস্মিত।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, কালো রঙের একটি গাড়ি দাঁড়িয়ে আছে এবং তার সামনে পুলিশের ওপর চোটপাট করছেন এক নারী। উত্তপ্ত বাক্য বিনিময়ের পরে তিনি কনস্টেবলের দিকে যান এবং তার মুখে চড় মারে। এর কারণে কনস্টেবলের হাত থেকে কিছু একটা ছিটকে পড়ে যায়। যখন তিনি এটি তুলে নিয়ে আবার উঠে দাঁড়ালেন, মহিলাটি আবার তার ওপর হাত তুললেন। কনস্টেবলকেও আঙুল তুলে সতর্ক করতে দেখা যায়।
প্রতিবেদনে বলা হয়, কিছুক্ষণ পর আরেকজন এগিয়ে এসে ওই নারীকে থামানোর চেষ্টা করে। কিন্তু তাকেও তেমন পাত্তা দেননি ওই নারী। পরে দেখা যায়, তিনি নিজেই গাড়িতে গিয়ে উঠছেন। যদিও ভিডিওটি’র সত্যতা যাচাই করা যায়নি।
এছাড়া, ভিডিওটি দেখে অনেকে অনেক রকম মন্তব্য করেছেন সামাজিক মাধ্যমে। কি নিয়ে পুলিশের সঙ্গে ওই নারী ঝগড়ায় জড়িয়েছিলেন, তা এখনো জানা যায়নি। তবে অনেকেই পুলিশের গায়ে হাত তোলার মতো এই আচরণকে সমর্থন করেননি।

