জমি নিয়ে বিরোধের জেরে বিদেশ থেকে ক্রমাগত হুমকির অভিযোগে জেবুন্নেসা শাহাবুদ্দীন এবং শাহাবুদ্দীন আহমেদের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়রি (জিডি) করেছেন ডয়চে ভেলে (বাংলাদেশ) কর্মরত নাজিয়া নুসরাত আদনীন। রোববার (২০ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুর থানায় এ জিডি করেন তিনি।
জানা গেছে, অভিযুক্ত জেবুন্নেসা শাহাবুদ্দীন ও শাহাবুদ্দীন আহমেদ সম্পর্কে নাজিয়ার ফুফু-ফুফা। বর্তমানে তারা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে বসবাস করছেন।
নাজিয়া জিডিতে উল্লেখ করেন, ‘জমি-জমার ভাগ বাটোয়ারাকে কেন্দ্র করে অভিযুক্তরা দীর্ঘদিন ধরে আমাকে এবং পরিবারকে নানা কায়দায় মানসিক যন্ত্রণা ও হুমকি প্রদান করে আসছেন। আমাদের গ্রামের বাড়ি মালঞ্চপুরের মানুষদের কাছে ফোন করে আমাদের নামে মিথ্যা-বানোয়াট তথ্য দিয়ে এলাকায় সুনাম ক্ষুন্নের অপচেষ্টা করে যাচ্ছেন। এমনকি এলাকায় গেলে ভাড়াটে লোক দিয়ে আমাদের শারীরিক আঘাত করারও হুমকি দেন।’
তিনি জিডিতে আরও উল্লেখ করেন, ‘আমার বাবা বেঁচে থাকার সময় তাকেও মানসিকভাবে নির্যাতন করেছেন। এই ঘটনার জেরে আমার মরহুম বাবা মো. আনিসুজ্জমান ২০১০ সালের ৮ মার্চ হবিগঞ্জ জেলার মাধবপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এরই সূত্র ধরে আমার বাবার মৃত্যুর পর অভিযুক্তরা পৈতৃক সম্পত্তি হাতিয়ে নিতে আমাদের টার্গেট করেছেন।’
বিদেশ থেকে হোয়াটসঅ্যাপে ও মোবাইলে কল দিয়ে প্রতিনিয়ত এসব হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেন নাজিয়া।
তিনি বলেন, ‘আমি মনে করি, আমাদের পৈতৃক-সম্পত্তি দখল করার উদ্দেশ্যে, আমার বাবার মৃত্যুর পর আমাদের টার্গেট করেছেন। সম্পত্তি দখলের লোভে আমার ফুফু আমাদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন। তার কথা মতো চললে মামলা তুলে নেবেন, না হলে আরও মামলা দেবেন- এটা কেবল শুরু- বলে হুমকি দেন আমার ফুফু।’
নাজিয়া বলেন, ‘ইতোমধ্যে জাল দলিল ও ওয়ারিশান সনদ তৈরি করে সম্পত্তি হাতিয়ে নেওয়ার চেষ্টা করছেন তারা। এমনকি আমার বাবার কবরের নামফলকও পরিবর্তন করেছেন। এসব নিয়ে পারিবারিকভাবে হেনস্থা করছেন। এছাড়া বিভিন্নভাবে আমাদের মানসিকভাবে নির্যাতন করছেন তারা।’
