রেল পয়েন্টসের কারণে ট্রেন লাইনচ্যুত হয়ে দুর্ঘটনা ঘটতে পারে -----------রেলমন্ত্রী

আপডেট : ২৬ জুন ২০১৯, ২২:৫০

রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, কোনো দুর্ঘটনাই কাম্য নয়। ২০১৪ সালের পর এই দুর্ঘটনা ঘটল। রেল পয়েন্টসের কারণে ট্রেন লাইনচ্যুত হওয়ায় এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। গতকাল বুধবার জেলার কুলাউড়ার বরমচাল রেল স্টেশনের কাছে আন্তঃনগর ‘উপবন এক্সপ্রেস’ ট্রেনের দুর্ঘটনাস্থল পরিদর্শনকালে এক পথসভায় তিনি একথা বলেন।

রেলমন্ত্রী বলেন, বিএনপি জামায়াত জোটের সময়ে রেল বিভাগের উন্নয়ন হয়নি। এই সরকারের আমলে আলাদা রেল মন্ত্রণালয় হয়েছে। দৃশ্যমান নানা উন্নয়ন হয়েছে এবং হচ্ছে। অচিরেই আখাউড়া-সিলেট ডাবল লাইন করা হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এ দুর্ঘটনার জন্য রেল মন্ত্রণালয়কে ব্যর্থ বলা যাবে না। তদন্ত কমিটির রিপোর্ট না আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তদন্ত রিপোর্টে যা আসবে তা আপনাদের সামনে উপস্থাপন করা হবে। কেউ দায়ী হলে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিবে রেল বিভাগ।

মন্ত্রী উপস্থিত এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে বরমচাল স্টেশনে ২টি আন্তনগর ট্রেনের স্টপেজ দেওয়ার আশ্বাস দেন। তিনি আরো বলেন, ট্রেন দুর্ঘটনায় মানুষের কী পরিমাণ ক্ষতি হয় তা ভুক্তভোগীদের সঙ্গে আলাপ করে জানা গেছে। তিনি আহতদের পরিবারকে চিকিত্সার জন্য ১০ হাজার টাকা করে অনুদান দেওয়ার কথা জানান।

এ সময় রেলমন্ত্রীর সফর সঙ্গী ছিলেন পবিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি। তিনি তার বক্তব্যে বলেন, বৃটিশ আমলে নির্মিত রেললাইন অনেক পুরাতন হয়ে গেছে। প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের অভাবে রেল লাইনের অবস্থা অত্যন্ত নাজুক হয়ে গেছে। তিনি আশা করেন— রেলমন্ত্রী বিষয়টি প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর করবেন। দুর্ঘটনাস্থলে আয়োজিত সংক্ষিপ্ত সভায় মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমানের পরিচালনায় আন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মৌলভীবাজারের জেলা প্রশাসক আজিজুর রহমান, কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সফি আহমদ সলমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রেনু প্রমুখ।

পরে মন্ত্রী ট্রেন দুর্ঘটনায় নিহত কুলাউড়া পৌর এলাকার মনোয়ারা পারভীনের বাসায় যান এবং শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

এর আগে বুধবার সকালে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে কুলাউড়ার বরমচালে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় আহতদের দেখতে এসে রেলমন্ত্রী বলেন, ১৬ হাজার কোটি টাকা ব্যয়ে সিলেট থেকে আখাউড়া পর্যন্ত ১৩৫ কিলোমিটার নতুন রেলপথ করা হবে। সিলেট-আখাউড়া রেলপথের মিটারগেজ তুলে ফেলে নতুন করে ডুয়েল গেজ লাইন করার ঘোষণা দেন। এসময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপিও উপস্থিত ছিলেন।