দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে 'রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন কার্ড' বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২২ আগস্ট) সকাল ৯.৩০ মিনিট হতে শুরু হয়ে বেলা ৫টা পর্যন্ত চলমান নবীনবরণ অনুষ্ঠানে কৃষি অনুষদ, ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদ, ফিশারিজ অনুষদ, সোশ্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ অনুষদের নবীন শিক্ষার্থীদের মাঝে এ কার্ড বিতরণ করা হয়।
আরএফআইডি -হলো রেডিও ফ্রিকোয়েন্সি প্রযুক্তি সম্বলিত একটি আইডি কার্ড। যার মাধ্যমে শিক্ষার্থীরা স্টুডেন্ট আইডি কার্ড, লাইব্রেরি কার্ড ও পরিবহন আইডি কার্ডের সুবিধা একসঙ্গে ব্যবহার করতে পারবেন।
'রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন কার্ড' এর সুবিধাসমূহ একটি স্লাইড প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. মাহাবুব হোসেন।
এসময় তিনি বলেন, হাবিপ্রবি'র উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামান-এর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রথম দিনেই নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের আইডি কার্ড প্রদান করা হচ্ছে। এটি একটি মাইলফলক হয়ে থাকবে। এবারের আইডি কার্ডে ডিজিটালাইজেশন করা হয়েছে। আগে শিক্ষার্থীদের পরিবহন, লাইব্রেরি ও স্টুডেন্ট আইডি কার্ডের জন্য আলাদা আলাদা কার্ড করতে হতো। আবেদনসহ পুরো প্রক্রিয়ায় যথেষ্ট ভোগান্তির মধ্যে পড়তে হতো। রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন কার্ড' এই ভোগান্তি থেকে আমাদের মুক্তি দেবে।'
এদিকে পুরাতন আইডি কার্ডের ভোগান্তি এড়াতে পুরাতন আইডি কার্ডগুলোর রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে ডিজিটালাইজেশন চায় বর্তমান শিক্ষার্থীরা। এতে লাইব্রেরি ও পরিবহনের আলাদা আলাদা আইডি কার্ড তৈরির ভোগান্তি কমবে বলে মনে করছেন তারা।

জাবিতে সাংবাদিক মারধরের ঘটনায় তদন্ত কমিটি