‘বর্তমানে সাংবাদিকতা চ্যালেঞ্জিং পর্যায়ে চলে গেছে’

আপডেট : ২২ আগস্ট ২০২৩, ১৮:৫৬

জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন বলেছেন, ‘সাংবাদিকতা পেশা নেশার মতো। সাংবাদিকতায় জড়িয়ে গেলে, সেখান থেকে বের হওয়া যায় না। তাছাড়া সাংবাদিকতা পেশা হচ্ছে স্বাধীন। এখানে স্বাধীনভাবে কাজ করা যায়। তবে বর্তমান সময়ে সাংবাদিকতা চ্যালেঞ্জিং পর্যায়ে চলে গেছে। যার কারনে সাংবাদিকদের আপডেট থাকতে হবে।’

মঙ্গলবার (২২ আগস্ট) বিকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের ‘অগ্রায়ন ও নবীনবরণ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘গণমানুষের জন্য কাজ করা হলো সাংবাদিকতা। সাংবাদিকরা গণমানুষের জন্য কাজ করে। তবে যতই চ্যালেঞ্জ থাকুক পেশার প্রতি ভালোবাসা থাকলে সাংবাদিকতা করা সহজ।’

অনুষ্ঠানে বিবিসি বাংলার সম্পাদক মীর সাব্বির বলেন, ‘বর্তমানে সাংবাদিকতা পেশায় আসতে সাংবাদিকতার শিক্ষার্থীরা নানাভাবে নিরুৎসাহিত হচ্ছেন। অনেকে মনে করেন, সাংবাদিকতা পেশা চাকরি হিসেবে নিরাপদ পেশা নয়। এছাড়া পেশাদারিত্বের সংকটের ফলে সাংবাদিকতা বাধাগ্রস্ত হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘সময়ের সাথে সাথে তথ্যপ্রযুক্তির উন্নয়নের ফলে অনলাইন প্লাটফর্ম সাংবাদিকতার জন্য চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে। কারণ মানুষ যেকোনো তথ্য সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দিচ্ছেন। তাই এখন সাংবাদিকদের আপডেট থাকতে হবে।’

এ সময় সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সভাপতি অধ্যাপক রাকিব আহমেদের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক মোজ্জাম্মেল হক।

ইত্তেফাক/এআই