মুরগি নিয়ে ঝগড়ায় ছোট ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ

আপডেট : ২২ আগস্ট ২০২৩, ২২:০৬

কক্সবাজারের চকরিয়ায় মুরগি পুকুরে ফেলে দেওয়াকে কেন্দ্র করে গিয়াস উদ্দিন (৫৫) নামে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার বড় ভাইয়ের পরিবারের বিরুদ্ধে। এ ঘটনায় দুই ছেলেসহ অভিযুক্ত বড় ভাইকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ আগস্ট) সকাল ৯টার দিকে চকরিয়া পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের এলাকায় এ  ঘটনা ঘটে। 

নিহত গিয়াস উদ্দিন উপজেলার কাহারিয়াঘোনা এলাকার মৃত নাজিম উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৭টার দিকে গিয়াস উদ্দিনের একটি মুরগি তার বড় ভাই শাহাব উদ্দিনের ঘরে প্রবেশ করে। এতে ক্ষিপ্ত হয়ে সাহাব উদ্দিন ওই মুরগিকে ধরে বাড়ির পাশে পুকুরে ছুঁড়ে মারে। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এরপর সকাল ৮টার দিকে দুই পরিবারের মধ্যে ঝগড়া লাগে। এতে গুরুতর আহত হয় গিয়াস উদ্দিন। 
আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চকরিয়া থানার ওসি জাবেদ মাহমুদ বলেন, গিয়াস উদ্দিনের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতরা পলাতক থাকায় এখনো কাউকে আটক করা যায়নি। অভিযান অব্যাহত রয়েছে।

ইত্তেফাক/এবি