ফটিকছড়িতে গতকাল শনিবার দলীয় প্রার্থীকে মনোনয়ন দেওয়ার দাবিতে উপজেলা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ শেষে নেতাকর্মীরা মিছিল নিয়ে সাত্তার মার্কেটের সামনে আসলে এতে পুলিশ বাধা দেয়। বাধা উপেক্ষা করে মিছিল এগিয়ে যেতে থাকলে পুলিশ লাঠিচার্জ শুরু করে। এসময় ১০/১৫ জন নেতাকর্মী ও পুলিশের একজন আহত হয়।
জানা যায়, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মহাজোট প্রার্থী আলহাজ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীকে দলীয় মনোনয়ন না দিয়ে দলীয় প্রার্থীকে নৌকা দেওয়ার দাবিতে ফটিকছড়ি সদরের এশিয়া প্লাজাস্থ দলীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকে। দুপুরের দিকে কয়েক হাজার নেতাকর্মী জড়ো হয়। পরে উপস্থিত সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মুজিবুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরী, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা গোলাম রহমান, উপজেলা যুবলীগের আহ্বায়ক শাহ আলম সিকদার, মুজিবুর রহমান স্বপনসহ প্রমুখ বক্তব্য রাখেন। সমাবেশ শেষে নেতাকর্মীদের নিয়ে মিছিলটি পৌর সদরের আন্ডা মার্কেট মোড় হয়ে বিবিরহাট বাজারের মাঝামাঝি সাত্তার মার্কেটের সামনে আসলে পুলিশের বাধার সম্মুখীন হয়। নেতাকর্মীরা পুলিশি বাধা উপেক্ষা করে সামনে এগিয়ে যেতে থাকলে পুলিশ মিছিলে লাঠিচার্জ শুরু করে। এতে ১০/১৫ জন নেতাকর্মী ও পুলিশের এস আই আব্দুল জলিল আহত হয়।
এসময় পুলিশের হাটহাজারী সার্কেলের এডিশনাল এসপি আব্দুল্লাহ্ আল মাহমুদ, ফটিকছড়ি থানার ওসি বাবুল আক্তার, ফটিকছড়ি থানার ওসি তদন্ত মো. আরিফুর রহমানের নেতৃত্বে এক প্লাটুন রায়ট পুলিশ, হাটহাজারী, ভুজপুর, ফটিকছড়ি থানার পুলিশ এবং চট্টগ্রাম থেকে একদল গোয়েন্দা পুলিশ মিলে প্রায় শতাধিক পুলিশ দলীয় কার্যালয়ের সামনে উপস্থিত ছিলেন।
