ফতুল্লায় কথিত সাংবাদিক শুভ আইসিটি মামলায় গ্রেফতার

আপডেট : ২৭ জুন ২০১৯, ০০:১৬

ফতুল্লায় আইসিটি আইনের একটি মামলায় কথিত সাংবাদিক সাদ্দাম হোসেন শুভকে (৩০) সোমবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। শুভ উজ্জীবিত বাংলাদেশ নামে একটি পত্রিকা ও অনলাইনের সাংবাদিক বলে নিজের পরিচয় দিত।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফতুল্লা থানার নন্দলালপুর এলাকার এক নারী বাদী হয়ে শুভসহ ৩ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। এতে অভিযোগ করা হয় যে, শুভসহ অন্য আসামিরা বাদীর অশ্লীল ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করে। শুভ নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে বাদির অশ্লীল ছবি দিয়ে মানহানিকর সংবাদ পরিবেশনের হুমকি দেয়। পরবর্তীতে বিভিন্ন পত্রিকায় বিভিন্ন তারিখ ও সময়ে ছবি এডিট করে পত্রিকায় প্রকাশ করে যা বাদীর মান সম্মান ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করে। সাংবাদিক নামধারী শুভ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মকর্তার নামে বিভিন্ন সময়ে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করে বলে প্রাথমিক তদন্তে জানা যায়। আসামি শুভর নামে আরো মামলা দায়েরের প্রস্তুতি চলছে।