মাদারীপুর জেলায় সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে দেশ থেকে দুর্নীতি নির্মূল করা হবে উল্লেখ করে দুর্নীতি দমন কমিশনের সচিব মো. মাহবুব হোসেন বলেছেন, দুর্নীতি করে কেউ বাঁচতে পারবে না, জনসচেতনতাই রুখবে দুর্নীতি।
বুধবার (২৩ আগস্ট) সকালে জেলা শিল্পকলা একাডেমীতে মাদারীপুরে ‘রুখবো দুর্নীতি গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ’ এই শ্লোগানে আয়োজিত গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, মাদারীপুরের আয়োজনে মাদারীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খানের সভাপতিত্বে ও সঞ্চালনায় এ গণশুনানিতে আরও বক্তব্য রাখেন, দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন, ঢাকা বিভাগের পরিচালক মোহাম্মদ মোরশেদ আলম, মাদারীপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. মোস্তফা হাওলাদার, মাদারীপুর পুলিশ সুপার মো: মাসুদ আলম। দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়, মাদারীপুরের উপপরিচালক মো. আতিকুর রহমানসহ দুদক কর্মকর্তারা ও দুপ্রক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সরকারি পরিষেবা প্রাপ্তি নিশ্চিতকরণ এবং সরকারি কর্মকর্তাদের মাঝে সততা, নিষ্ঠা, জবাবদিহিতা ও মূল্যবোধ বৃদ্ধি করার মাধ্যমে দেশ থেকে দুর্নীতি নির্মূল করাই উক্ত গণশুনানির মূল অভিপ্রায়। গণশুনানিতে মাদারীপুরের বিভিন্ন দপ্তরে সেবা নিতে গিয়ে ঘুষ, দুর্নীতি ও হয়রানির শিকার, সেবা প্রত্যাশী জনসাধারণ দৃঢ়তার সঙ্গে কমিশনের ঊর্দ্ধতন কর্মকর্তার কাছে অভিযোগ উত্থাপন করেছেন। তাদের অভিযোগ দুর্নীতি দমন কমিশনের কর্তকর্তারা শুনেছেন। এবং কিছু অভিযোগের সমস্যা সমাধান করার জন্য তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশনা প্রদান করেছেন। অন্যান্য অভিযোগের বিষয়ে পরবর্তীতে কমিশন কর্তৃক যাচাই-বাছাই সাপেক্ষে দুদক আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিয়েছেন।
গণশুনানিতে মাদারীপুর মেডিকেল কলেজ হাসপাতাল, সদর হাসপাতাল, পাসপোর্ট, বি.আর.টি.এ. সাব-রেজিষ্টি অফিস, সহকারী কমিশনার (ভূমি), সমাজসেবা, নির্বাচন অফিস, পরিবেশ অধিদপ্তর, বিদ্যুৎ বিভাগ, ব্যাংকিং বিভাগ, শিক্ষা অফিস, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পৌরসভাসহ মোট ৩৮ টি দপ্তরের ১০৭টি অভিযোগ পাওয়া যায়। তন্মধ্যে ৩৬টি সুনির্দিষ্ট অভিযোগ শুনানির জন্য সেবাপ্রার্থী জনসাধারণ সরাসরি উপস্থাপন করেছেন। উপস্থাপিত ৩৬টি অভিযোগের মধ্যে মাদারীপুর তিন বিষয়ে দুর্নীতির বিষয়ে কমিশন কর্তৃক অনুসন্ধান করার জন্য প্রাথমিকভাবে সিদ্ধান্ত গ্রহণ এবং ১০ টি অভিযোগের তাৎক্ষণিকভাবে সমাধান করা হয়েছে। উক্ত গণশুনানি মাদারীপুরের সর্বস্তরের নাগরিকদের উপস্থিতিতে স্বতঃস্ফূর্তভাবে সম্পন্ন হয়েছে।
দুদক সচিব তার বক্তব্যে আরও বলেছেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে সরকারি পরিষেবা যে কোনো মূল্যে নিশ্চিত করতে হবে। এছাড়া সরকারি কর্মচারীদের মাঝে সততা, নিষ্ঠা, জবাবদিহিতা ও মূল্যবোধ বৃদ্ধি করার মাধ্যমে দেশ থেকে দুর্নীতি নির্মূল করতে প্রতিরোধমূলক কর্মকাণ্ডে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়েছেন।
