রাশিয়ার ভাড়াটে যোদ্ধা সরবরাহকারী ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোজিন উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে মারা গেছেন বলে আশংকা করা হচ্ছে। রাশিয়ায় এই দুর্ঘটনা ঘটেছে। উড়োজাহাজটিতে ১০ জন আরোহী ছিলেন। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
রাশিয়ান কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি জানায়, রাশিয়ার তেভর অঞ্চলে বিধ্বস্ত হওয়া একটি বিমানের যাত্রীদের তালিকায় ওয়াগনার ভাড়াটে গ্রুপের প্রধান প্রিগোজিনের নাম আছে। রাশিয়ার জরুরি মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, প্রিগোজিনের ব্যক্তিগত বিমান কুজেনকিনো গ্রামের কাছে বিধ্বস্ত হয় এবং এর সকল আরোহী নিহত হয়েছেন।
এদিকে ওয়াগনার ঘনিষ্ঠ একটি টেলিগ্রাম চ্যানেল গ্রে জোন জানিয়েছে যে, মস্কোর উত্তরে তেভর অঞ্চলে বিমানটিকে গুলি করে ভূপাতিত করা হয়। স্থানীয় বাসিন্দারা দুর্ঘটনার আগে দুটি বিস্ফোরণের মতো শব্দ পান, এরপর ধোঁয়ার দুটি রেখা দেখতে পান তারা।
বিমান বিধবস্তের ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে রোসাভিয়েশনের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
রাশিয়ার সংবাদসংস্থা তাস জানিয়েছে, ব্যক্তিগত বিমানটি উড্ডয়নের আধা ঘণ্টার কম সময়ের মধ্যে বিধ্বস্ত হয়। বিধ্বস্ত হওয়ার পর ওই উড়োজাহাজে আগুন ধরে যায়। সেখান থেকে ইতোমধ্যে চারজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
