ফতুল্লায় সিদ্দিক হত্যা

মাদকসেবী যুবকের আদালতে দোষ স্বীকার

আপডেট : ২৭ জুন ২০১৯, ০০:১৭

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় সিদ্দিক মিয়া (৫৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধারের ঘটনায় আবু বক্কর নামে এক মাদকসেবী যুবক হত্যার দায়স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে। গ্রেফতারকৃত মাদকসেবী যুবকের নাম আবু বক্কর (২৭) ফতুল্লার ভোলাইল এলাকার আঃ সালামের ছেলে। বুধবার দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কাউছার আলম ১৬৪ ধারায় আবু বক্করের জবানবন্দি রেকর্ড করেছেন। নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক হাবিবুর রহমান এর সত্যতা নিশ্চিত করে বলেন, জবানবন্দি গ্রহন শেষে আদালত আবু বক্করকে কারাগারে প্রেরন করেছে। এ মামলায় আরো ২জন পূর্বে গ্রেফতার করা হয়েছে।

ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, জবানবন্দিতে আবু বক্কর বলেছেন ভোলাইল গেইদ্দার বাজার এলাকায় শহিদ মিয়ার বাড়ির কেয়ারটেকার হিসেবে দায়িত্ব পালন করতেন তার চাচা সিদ্দিক মিয়া। শহিদ মিয়া ওই বাড়িতে বসবাস করতেন না তবে মাঝে মধ্যে আসতো। এতে স্থানীয় মাদকসেবীরা সিদ্দিক মিয়ার সঙ্গে ওই বাড়িতে মাদক সেবনের আড্ডা দিতো। ওসি আরো জানান, ঘটনার দিন ১৩ জুন বিকেলে আবু বক্করসহ ৮ থেকে ৯ জন মাদকসেবী সিদ্দিক মিয়ার সঙ্গে শহিদ মিয়ার বাড়িতে ইয়াবা সেবন করতে বসে। এসময় সবাই ইয়াবা সেবন করছিল কিন্তু সিদ্দিক মিয়াকে কেউ সেবন করতে দিচ্ছিল না। এতে সিদ্দিক মিয়া উত্তেজিত হয়ে উঠলে অন্যরা তার সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে ৮ থেকে ৯ জন মিলে সিদ্দিক মিয়াকে মারধর করে বুকে কাঠ ও বাঁশ দিয়ে এলোপাতারি আঘাতে তাকে হত্যা করে বাড়ির পাশের জমিতে লাশ ফেলে দেয়।

নিহত সিদ্দিক ফতুল্লার দেওভোগ মুন্সীবাড়ি এলাকার মৃত.ফজর আলী মুন্সীর ছেলে। এসআই মিজানুর রহমান জানান, আবু বক্করকে বুধবার সকালে কাশিপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। একইদিন তাকে আদালতে হাজির করা হলে সে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে।