তিন দফা দাবি বাস্তবায়ন না হলে আগামী ৩ সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন বন্ধের ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা। এই দাবির প্রতি সমর্থন জানিয়েছে খুলনা জেলা পেট্রোল পাম্প মালিক সমিতি।
বুধবার (২৩ আগস্ট) নগরীর নিউমার্কেট এলাকার একটি রেস্তোরাঁয় এক প্রস্তুতি সভায় ব্যবসায়ীদের এই সমর্থন জানানো হয়।
সভায় জেলা পেট্রোল পাম্প মালিক সমিতির সভাপতি আব্দুল গফফার বলেন, অনেকদিন ধরে তিনটি দাবি জানিয়ে এলেও সরকার বাস্তবায়ন করছে না। আগে তেলের দাম বৃদ্ধির সঙ্গে সঙ্গে কমিশন বাড়ানো হতো। কয়েকবার তেলের দাম বাড়লেও কমিশন বাড়েনি। আগামী ৩১ আগস্টের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আগামী ৩ সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য তেল উত্তোলন ও পরিবহন বন্ধ থাকবে।
জেলা পেট্রোল পাম্প মালিক সমিতি আয়োজিত সভায় আরও বক্তব্য দেন খুলনা বিভাগীয় পেট্রোল পাম্প মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখ মুরাদ হোসেন, জেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুস সোবহান, সহসভাপতি মহিবুল হাসান ও কোষাধ্যক্ষ এস এম মুরাদ উজ্জামান প্রমুখ।
তিন দফা দাবির মধ্যে রয়েছে- জ্বালানি তেল পরিবহনকারী ট্যাঙ্কলরির ইকোনমিক লাইফ ৫০ বছর নির্ধারণ করা, জ্বালানি তেল বিক্রির প্রচলিত কমিশন কমপক্ষে সাড়ে সাত শতাংশ করা এবং জ্বালানি তেল ব্যবসায়ীরা কমিশন এজেন্ট বিধায় প্রতিশ্রুতি অনুযায়ী সুস্পষ্ট গেজেট প্রকাশ করা।
