ভারতের পদ্মশ্রী ও একুশে পদক প্রাপ্ত নোয়াখালীর সোনাইমুড়ীর জয়াগ গ্রামের গান্ধী আশ্রম ট্রাস্টের সচিব, বিশিষ্ট সমাজসেবী ঝর্ণা ধারা চৌধুরীর (৮০) শারীরিক অবস্থা আশঙ্কাজনক। ২ জুন থেকে তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। মঙ্গলবার বিকেলে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে। গতকাল বুধবার বিকেলে গান্ধী আশ্রম ট্রাস্টের পরিচালক রাহা নব কুমার বিষয়টি নিশ্চিত করে জানান, ঝর্ণা ধারা চৌধুরী দীর্ঘদিন ধরে উচ্চরক্তচাপ, ডায়বেটিকসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। এ অবস্থায় ২ জুন ভোরে গান্ধী আশ্রমে তিনি মস্তিষ্কে রক্তক্ষরণজনিত রোগে আক্রান্ত হন। গুরুতর অসুস্থ অবস্থায় ঐদিন তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এর পরদিন তাকে আইসিইউতে স্থানান্তর করার পর থেকে সেখানে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছিল। তার অবস্থার অবনতি হলে মঙ্গলবার বিকেলে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়।
