ইউক্রেনই জিতবে, আমরা তাদের পাশে আছি: ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন

আপডেট : ২৪ আগস্ট ২০২৩, ২২:১৭

পূর্ব ইউরোপের যুদ্ধবিধ্বস্ত দেশ ইউক্রেনের স্বাধীনতা দিবস ছিল বৃহস্পতিবার। বিশেষ এই দিনটিকে কেন্দ্র করে নানা আয়োজনের মধ্য দিয়ে ইউক্রেনের প্রতি নিজেদের সংহতি প্রকাশ করছে বিভিন্ন দেশের ঢাকাস্থ দূতাবাস। ইউক্রেনের স্বাধীনতা দিবসের প্রাক্কালে বুধবার রাতে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনকে ইউক্রেনের পতাকার রঙে (নীল-হলুদ) আলোকিত করা হয়। 

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্রিটিশ হাইমকমিশন লিখেছে, ইউক্রেনের স্বাধীনতা দিবসের প্রাক্কালে আমরা ইউক্রেনের জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করছি। তারা সর্বদা তাদের ভূমি রক্ষা করবে, যেকোনো দেশের মানুষ যেমন করবে এবং আমরা রুশ আগ্রাসন এবং নৃশংসতার মুখে তাদের চলমান প্রতিরোধ এবং সাহসিকতায় অনুপ্রাণিত।

ব্রিটিশ হাইকমিশন আরও বলেছে, রাশিয়ার এই আগ্রাসন কেবল ইউক্রেনের জন্যই হুমকি নয়। বন্দর এবং খাদ্য গুদামগুলোতে রাশিয়ার আক্রমণ এবং ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েটিভ থেকে (নিজেকে) প্রত্যাহার করে নেওয়ায় বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা এবং দ্রব্যমূল্য ক্রমাগতভাবে বেড়ে যাওয়ার উপর প্রভাব পড়ছে। এগুলো সবচেয়ে দরিদ্র এবং সবচেয়ে ঝুঁকিপূর্ণ মানুষদের কষ্টের কারণ হচ্ছে। ইউক্রেনের প্রতি বিশ্বের প্রতিশ্রুতিকে অবমূল্যায়ন করেছেন পুতিন। কেবল ইউক্রেনের ভবিষ্যতই ঝুঁকির মুখে নয়; জাতিসংঘ সনদ এবং আন্তর্জাতিক আইন, সমর্থন করা দেশগুলোর সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং স্বাধীনতাও ঝুঁকিতে। ইউক্রেন জিতবে এবং যতদিন প্রয়োজন আমরা তাদের পাশে থাকব। 

অন্যদিকে ঢাকাস্থ মার্কিন দূতাবাস নিজেদের ভেরিফাইড ফেসবুক পেইজে লিখেছে, বিশ্বজুড়ে সবচেয়ে স্বীকৃত প্রতীক হয়ে উঠেছে ইউক্রেন। আগ্রাসন শুরুর পর নিজেদের স্বাধীনতার প্রতি ইউক্রেনীয় জনগণ ঐক্য এবং অধ্যবসায়ের প্রতিফলন দেখিয়েছে। 

ইত্তেফাক/এএএম