আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতেছে পাকিস্তান। বৃহস্পতিবার (২৪ আগস্ট) সিরিজের দ্বিতীয় ম্যাচে মানকাড আর শেষ ওভারের রোমাঞ্চ ছাপিয়ে ১ বল হাতে রেখে ১ উইকেটের জয় তুলে নেয় পাকিস্তান। এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে বাবর আজমের দল।
এদিন টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেছিল আফগান ব্যাটাররা। ওপেনিংয়ে ২২৭ রানের জুটি করেন রহমাহনুল্লাহ গুরবাজ এবং ইব্রাহিম জাদরান। ইব্রাহিম জাদরান ১০১ বলে ৮০ রানে আউট হলেও, ১৫০ রানের মাইলফলক স্পর্শ করেন রহমাহনুল্লাহ গুরবাজ। ১৫১ বলে ১৫১ রান করেন তিনি।
তিন নাম্বার নেমে দলের জন্য মোহাম্মাদ নবির ২৯ বলে ২৯ রানের কার্যকারী ইনিংস খেলেন। তবে আফগানদের মিডল অর্ডার ছিল ব্যর্থ। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩০০ রান সংগ্রহ করে আফগানিস্তান। পাকিস্তানের পক্ষে শাহিন আফ্রিদি নেন ২টি উইকেট।
৩০১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে ফকর জামান এবং ইমাম উল হক ব্যাট থেকে আসে ৫২ রান। ৩৪ বলে ৩০ রান করে আউট হন ফকর। এরপর ক্রিজে আসা বাবরকে সঙ্গে নিয়ে দ্বিতীয় উইকেটে ১১৮ রানের জুটি গড়েন ইমামুল।
দলীয় ১৭০ রানে ৬৬ বলে ৫৩ রান করে আউট হন বাবর। পাকিস্তান অধিনায়কের বিদায়ের পর দ্রুতই সাজঘরে ফিরে যান রিজওয়ান। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পাকিস্তান। তবে একপ্রান্ত আগলে রাখেন ওপেনিংয়ে নামা ইমামুল।
তবে দলীয় ২১১ রানে ১০৫ বলে ৯১ রান করে আউট হন এই ওপেনার। ম্যাচের নিয়ন্ত্রণ নেয় আফগানিস্তান। তবে শাদাব খানের ব্যাটে ম্যাচে ফিরে পাকিস্তান। শেষ ওভারে পাকিস্তানের জয়ের জন্য প্রয়োজন হয় ১১ রান। হাতে ছিল দুই উইকেট। নন স্ট্রাইকে ছিলেন ৩৫ বলে ৪৮ রান করা শাদাব খান।
ফারুকি প্রথম বল করতে আসতেই বল ছাড়ার আগে বেরিয়ে গেলেন শাদাব। সুযোগ নিয়ে তাকে 'মানকাড' আউট করে দেন ফারুকি। শাদাব আউট হলেও শেষ পর্যন্ত ১ বল হাতে রেখে পাকিস্তানকে ১ উইকেটের জয় এনে দেন নাসিম শাহ ও হারিস রউফ।
