সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সংসদকে জানিয়েছেন, স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদ্যাপন বর্ষে ২০২১ সালের ১৬ ডিসেম্বর সরকার বাংলাদেশের প্রথম উড়াল মেট্রোরেলের সম্পূর্ণ অংশ আনুষ্ঠানিক উদ্বোধনের পরিকল্পনা গ্রহণ করেছে। গতকাল বুধবার সংসদে টেবিলে উপস্থাপিত প্রশ্নোত্তরে সরকারি দলের এমপি এম. আবদুল লতিফের লিখিত এক প্রশ্নের জবাবে মন্ত্রী একথা জানান।
ওবায়দুল কাদের জানান, ঢাকা মহানগরী ও তত্সংলগ্ন পার্শ্ববর্তী এলাকার যানজট নিরসন ও পরিবেশ উন্নয়নে বর্তমান সরকার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) আওতায় ২০৩০ সালের মধ্যে ছয়টি মেট্রোরেলের সমন্বয়ে একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার কর্মপরিকল্পনা নিয়েছে।
তিনি জানান, মেট্রোরেল নির্মাণকাজ পুরোদমে এগিয়ে চলছে। গত ৩১ মে পর্যন্ত এ প্রকল্পের অগ্রগতি ২৪ দশমিক ৬৯ শতাংশ। প্রথম পর্যায়ের নির্মাণের উত্তরা তৃতীয় পর্ব হতে আগারগাঁও অংশের পূর্ত কাজের অগ্রগতি ৪০ দশমিক ৫৮ শতাংশ। ইতিমধ্যে পাঁচ কিলোমিটার ভায়াডাক্ট দৃশ্যমান হয়েছে।
১০ জেলায় জাতীয় মহাসড়ক নেই
সরকারি দলের এমপি শহীদুজ্জামান সরকারের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের সংসদকে জানান, দেশে সড়ক ও জনপথের আওতাধীন মোট সড়কের পরিমাণ ২১৫৯৫.৪৯৩ কিলোমিটার। এরমধ্যে জাতীয় মহাসড়ক ৩৯০৬.০৩ কিলোমিটার, আঞ্চলিক মহাসড়ক ৪৪৮২.৫৪০ কিলোমিটার এবং জেলা মহাসড়ক ১৩২০৬.৯২৩ কিলোমিটার। দেশের ১০টি জেলায় কোনো জাতীয় মহাসড়ক নেই। সেগুলো হলো— শরীয়তপুর, নেত্রকোনা, জয়পুরহাট, চুয়াডাঙ্গা, মেহেরপুর, খাগড়াছড়ি, সুনামগঞ্জ, চাঁদপুর, বরগুনা ও পিরোজপুর। নাটোর-২ আসনের শফিকুল ইসলামের প্রশ্নের জবাবে সড়ক পরিবহনমন্ত্রী সংসদকে জানান, দেশের ১ হাজার ৭৫২ কিলোমিটার মহাসড়ক ধীরগতির যানবাহন চলাচলের জন্য উভয়দিকে সার্ভিস লেনের ব্যবস্থা রেখে চার লেনে উন্নীতকরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
