পাবিপ্রবিতে দুই শ্রমিকের মৃত্যু: প্রকল্প পরিচালকসহ ছয়জনের বিরুদ্ধে মামলা

আপডেট : ২৬ আগস্ট ২০২৩, ১৫:৪৮

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) নির্মাণাধীন ভবনের রশি ছিঁড়ে দুই শ্রমিকের মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয় উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালকসহ ৬ জনকে আসামি করে মামলা হয়েছে।

শুক্রবার (২৬ আগস্ট) রাতে নিহত শ্রমিক তুহিন হোসেনের চাচা মফিজুর রহমান বাদী হয়ে সদর থানায় মামলা করেন।

আসামিরা হলেন প্রকল্প পরিচালক জি এম আজিজুর রহমান, ঠিকাদারি প্রতিষ্ঠানের পরিচালক হারুন অর রশীদ, ম্যানেজার নাছিরুল হক, ম্যানেজার মিজানুর রহমান ও দুজন সাইট ম্যানেজার সুজাউদ্দৌলা ও হোসাইন আলী।

পাবনা সদর থানার ওসি কৃপা সিন্ধু বালা জানান, নিহতদের পরিবার পাবিপ্রবি উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক ও ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে শ্রমিকদের নিরপত্তায় অবহেলার অভিযোগ তুলেছেন। ছয়জনকে আসামি করে মামলা করা হয়েছে। এ ঘটনায় আসামি হোসাইন আলীকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

উল্লেখ্য, শুক্রবার সকালে পাবিপ্রবির নির্মাণাধীন ১২ তলা শেখ রাসেল ভবনের রশি ছিঁড়ে পড়ে দুই শ্রমিক নিহত হয়। এ ঘটনায় রবিউল আওয়াল (৩০) নামে আরও এক শ্রমিক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ইত্তেফাক/এবি