বিএনপি জনগণের কাছে না বিদেশি প্রভুদের কাছে ধরনা দিচ্ছে: কবির বিন আনোয়ার

আপডেট : ২৬ আগস্ট ২০২৩, ১৬:১৪

আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার বলেছেন, বিএনপি জনগণের কাছে না বিদেশি প্রভুদের কাছে ধরনা দিচ্ছে।

তিনি বলেন, বিদেশি প্রভুরা তাদের ক্ষমতায় আনতে পারবে না। ক্ষমতায় আসতে হলে জনগণের কাছে যেতে হবে, জনগণের ভালোবাসা আদায় করতে হবে।

শনিবার (২৬ আগস্ট) সকালে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে স্মার্ট কর্নার উদ্বোধন ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।

সাবেক মন্ত্রিপরিষদ সচিব বলেন, আগামী নির্বাচন দেশের সংবিধান অনুযায়ী পরিচালনা করা হবে, স্বচ্ছতার সঙ্গে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন করে জনগণকে সঙ্গে নিয়ে সরকার গঠন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে উন্নয়ন সৃষ্টি হয়েছে সেই উন্নয়ন অব্যাহত রাখা হবে।

তিনি বলেন, দেশের মানুষ আওয়ামী লীগকে ভালোবাসে,আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশ্বাস করে। আগামী জাতীয় নির্বাচনে উৎসমুখর পরিবেশে আমরা ভোটের দিন ভোট দিবো। কে নির্বাচনে আসলো কে আসলো না সেটি আমাদের দেখার বিষয় না।

কবির বিন আনোয়ার বলেন, আমরা ডিজিটাল বাংলাদেশের সুফল ভোগ করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল্যাণেই দেশের মানুষ ভালো আছে। আমাদের প্রধান কাজ হচ্ছে শেখ হাসিনার উন্নয়ন জনগণের দোড়গোড়ায় পৌঁছে দেওয়া। তাই আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। 

তিনি নেতাদের উদ্দেশ্যে বলেন, সাধারণকে জানাতে হবে, শেখ হাসিনাই একমাত্র নেতা যিনি কথা দিলে কথা রাখেন। তিনি যা বলেন, তা করে দেখান। আমাদের অর্জনগুলো দেশের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে হবে। সে লক্ষ্য নিয়েই আমদের মাঠে কাজ করতে হবে।

 

ইত্তেফাক/আরএজে