ছাত্র সমাবেশ বিএনপি-জামায়েতের জন্য একটি আল্টিমেটাম: ছাত্রলীগ 

আপডেট : ২৬ আগস্ট ২০২৩, ১৭:৫৪

স্মরণকালের সর্ববৃহৎ ছাত্র সমাবেশের আয়োজন করতে যাচ্ছে ছাত্রলীগ। আগামী পহেলা সেপ্টেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই সমাবেশ করবে সংগঠনটি। আর এই ছাত্র সমাবেশ বিএনপি-জামায়েতের জন্য একটি আল্টিমেটাম বলে মন্তব্য করেছে ছাত্রলীগের নেতৃবৃন্দ। 

শনিবার (২৬ আগস্ট) সকাল ১১টায় মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে ছাত্রলীগ এমন মন্তব্য করে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বলেন, শোকের মাস আগস্টে বাংলাদেশ ছাত্রলীগ মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করে থাকে। প্রতিবারের ন্যায় এ বছরও তার বাত্যয় ঘটেনি। মাসব্যাপী কর্মসূচি পালনের সমাপ্তিতে বাংলাদেশ ছাত্রলীগ প্রতিবছর আলোচনা সভার আয়োজন করে থাকলেও, এ বছর ছাত্র সমাবেশের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এবারের ছাত্র সমাবেশের বিশেষত্ব হলো, এটি হবে স্মরণকালের সর্ববৃহৎ ছাত্র সমাবেশ। যেখানে সারাদেশ থেকে প্রায় পাঁচ লক্ষাধিক শিক্ষার্থী বন্ধু, তরুণ প্রজন্মের প্রতিনিধিরা উপস্থিত হবেন।

তিনি আরও বলেন, স্মরণকালের সর্ববৃহৎ ছাত্রসমাবেশ সফল করতে বাংলাদেশ ছাত্রলীগের সর্বাত্মক প্রস্তুতি চলমান রয়েছে। এ লক্ষ্যে গত ১০ আগস্ট বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের ‘প্রস্তুতি সভা’ অনুষ্ঠিত হয়, ১৮ আগস্ট অনুষ্ঠিত হয় ‘বিশেষ বর্ধিত সভা’, যেখানে সারাদেশ থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত হন। এছাড়া বাংলাদেশ ছাত্রলীগ ইতিমধ্যে কেন্দ্রীয় নেতৃবৃন্দের নেতৃত্বে ১২৭টি সমন্বয় টিম গঠন করেছে যার মাধ্যমে সারা দেশ থেকে শিক্ষার্থী বন্ধুদের সুশৃঙ্খলভাবে ছাত্র সমাবেশে স্বাগত জানানো হবে। একইসাথে দেশের প্রতিটি জেলায়, প্রতিটি উপজেলায়, প্রতিটি ইউনিয়নে, প্রতিটি গ্রামে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা দিনরাত প্রচারণা চালাচ্ছে পহেলা সেপ্টেম্বর শেখ হাসিনার ছাত্র সমাবেশ সম্পর্কে। 

সংবাদ সম্মেলনে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের  সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এআই