আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম জাতীয় সংসদে মঙ্গলবার দেওয়া বক্তব্যে ড. কামাল হোসেন সম্পর্কে যে কথা বলেছেন সেটির নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণফোরাম। দলটির নির্বাহী সভাপতি অধ্যাপক ড. আবু সাইয়িদ ও অ্যাডভোকেট সুব্রত চৌধুরী এবং সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া গতকাল বুধকার এক যুক্ত বিবৃতিতে বলেছেন, সরকার হীন রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার কুমতলবে প্রলাপ বকছে।
দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোশতাক আহমেদ স্বাক্ষরিত বিবৃতিতে গণফোরামের নেতারা বলেন, ড. কামাল হোসেন সম্পর্কে সংসদে কুরুচিপূর্ণ উদ্দেশ্যমূলক শিষ্টাচারবিরোধী মিথ্যাচার করা হয়েছে। ভোটারবিহীন ও আগের রাতে ব্যালটবাক্স ভর্তি করা জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত বর্তমান পার্লামেন্টের সরকার দলীয় নেতা মোহাম্মদ নাসিমের কাছে এর থেকে বেশি ভদ্রতা আশা করা যায় না। জনগণের অংশগ্রহণে গড়ে ওঠা জাতীয় ঐক্যফ্রন্টের শক্তিতে ভীত ও গণবিচ্ছিন্ন বর্তমান সরকার ও সংসদ মানুষের মধ্যে বিভ্রান্তি ও অনৈক্য সৃষ্টি করার লক্ষ্যে মোহাম্মদ নাসিম এই মিথ্যাচার করেছেন। তাই জাতীয় ঐক্যকে আরো শক্তিশালী ও সুদৃঢ় করে গণতান্ত্রিক আন্দোলনকে সফল করার মধ্যদিয়ে এ ধরনের ধৃষ্টতার জবাব দিতে হবে বলে বিবৃতিতে অভিমত ব্যক্ত করেন গণফোরামের এ তিন নেতা।
