আসন্ন এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন পেসার এবাদত হোসেন। চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন এই পেসার। এশিয়া কাপে ইবাদতকে না পাওয়া বড় ধরনের ধাক্কা হিসেবেই দেখছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে এবং অধিনায়ক সাকিব আল হাসান।
শনিবার (২৬ আগস্ট) সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ বলেন, ‘আপনারা জানেন এবাদত আমাদের ইমপ্যাক্টফুল বোলারদের একজন। আমাদের পাঁচজন ফাস্ট বোলারের মধ্যে যারা শেষ কয়েকটি সিরিজে খেলেছে, তাদের মধ্যে সে দ্রুতগতির বোলারও। তাই এটা আমাদের জন্য বড় ক্ষতি এবং তার বিকল্প বের করা আমাদের জন্য কঠিন কাজ। আশা করছি সে দ্রুত সেরে উঠবে।’
এবাদতের না থাকাকে দুর্ভাগ্যজনক বলেছেন সাকিব। তবে এবাদত বাদেও বোলিং আক্রমণে আরও কয়েকজনের চোট সমস্যা রয়েছে। তবে এ নিয়ে চিন্তিত নন টাইগার অধিনায়ক। সাকিব বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে এবাদত আমাদের সঙ্গে যেতে পারছে না। সে আমাদের খুবই গুরুত্বপূর্ণ সদস্য। সে জায়গা থেকে এটা আমাদের জন্য একটা ধাক্কা। তারপরও সে ধরনের প্রস্তুতি আমরা নিয়েছি এবং যে ধরনের স্কোয়াড আছে আমরা আশা করি অনেকদূর যেতে পারবো।’
