মামার কাছে চাঁদা না পেয়ে ভাগ্নেকে গলা কেটে হত্যা

ছয় বছর পর দুই খুনি গ্রেফতার

আপডেট : ৩০ আগস্ট ২০২৩, ০৩:০০

গাজীপুরের পূবাইলে ছয় বছর আগে ঘুমন্ত অবস্থায় খুন হন পলিটেকনিক ছাত্র ইমতিয়াজ উদ্দিন আহমেদ ইফতি। চাঞ্চল্যকর ঐ খুনের ঘটনা ছিল রহস্যেঘেরা। গত সোমবার রাতে ঢাকার খিলক্ষেত ও টঙ্গী রেল স্টেশন থেকে দুই খুনিকে গ্রেফতার করে হত্যা রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। 

গ্রেফতারকৃতরা হলেন—জামালপুরের মেলান্দহর উত্তর আদিপুত গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে মৃদুল হাসান ও গাজীপুর মহানগরীর টঙ্গীর শিলমুন মন্ডলবাড়ি এলাকার আবুল কাশেমের ছেলে ফরিদ আহম্মেদ। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছেন, মামার কাছে চাঁদা না পেয়ে ভাগনে ইফতিকে গলা কেটে খুন করেছে তারা।

পিবিআইয়ের গাজীপুর ইউনিট ইনচার্জ পুলিশ সুপার মোহাম্মদ মাকছুদের রহমান জানান, খুন হওয়া ইফতি ছিলেন পূবাইলের হারবাইদ পূর্বপাড়া এলাকার শামসুদ্দিন আহমেদের ছেলে এবং ঢাকার তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের প্রথম বর্ষের ছাত্র। পড়ালেখার পাশাপাশি মামা মিজানুর রহমানের নির্মাণাধীন ভবন দেখাশুনা করতেন ইফতি। গ্রেফতারকৃতরা মাদক ব্যবসাসহ নানা অপরাধে জড়িত। তারা ভবন মালিকের কাছে চাঁদা দাবি করে। দিতে অস্বীকৃতি জানালে তারা দেখে নেওয়ার হুমকি দেয়। ঘটনার রাতে অর্থাৎ ২০১৮ সালের ১৯ অক্টোবর মৃদুল ও ফরিদ সহযোগীদের নিয়ে মাদক সেবন করে। পরে নির্মাণাধীন ভবনে ঢুকে ঘুমন্ত ইফতিকে গলা কেটে ও কুপিয়ে হত্যা করে চলে যায়। লাশ উদ্ধারের পর দিন এ ঘটনায় জয়দেবপুর থানায় মামলা হয়। পরবর্তীকালে থানা পুলিশ রহস্য উদঘাটন করতে না পারায় মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয় গাজীপুর পিবিআইকে।  

ইত্তেফাক/এমএএম