এবার গুরুর বিপক্ষে মাঠে নামবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয় করা কয়েকজন ক্রিকেটার। ছোটরা বিশ্বকাপ জয় করলেও এখন অক্ষেপের জায়গা হচ্ছে বড়দের বিশ্বকাপ জয় করা। বিশ্বজয় করা সেই তারকাদের অনেকেই এখন জাতীয় দলের নিয়মিত মুখ।
তাওহীদ হৃদয় অল্প সময়ে নিজেকে করেছেন প্রতিষ্ঠিত। ইমার্জিং এশিয়া কাপে নিজের জাত চিনিয়েছেন তানজিদ হাসান। অপেক্ষে শুধু জাতীয় দলে অভিষেকের। শরিফুল ইসলাম দলে আছেন অনেকদিন থেকেই। আর শামীম পাটোয়ারি, তানজিম হাসান সাকিবরা আছেন ডাক পাওয়ার অপেক্ষায়।
এশিয়া কাপে অংশ নিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী এই ক্রিকেটাররা এখন আছেন শ্রীলঙ্কায়। এশিয়া কাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপেক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আর সেই ম্যাচে হৃদয়-তামিমদের সাবেক কোচ নাভিদ নাওয়াজ থাকবেন তাদের বিপক্ষে।
সাবেক শিষ্যদের মুখোমুখি হতে পেরে আনন্দিত নাভিদ নিজেও। শ্রীলঙ্কার সাবেক এই পেসার বাংলাদেশি শিষ্যদের মনে রেখেছেন। শুভকামনাও জানিয়েছেন এই লিখে, ‘আমি তাদের শুভকামনা জানাচ্ছি, তবে আশা করছি যে শ্রীলঙ্কার বিপক্ষে খুব ভালো খেলবে না।’
বড় মঞ্চে দেখতে পেয়ে বেশ খুশি কোচ নাভিদ। তিনি বলেন, ‘তাদের উন্নতি দেখে সত্যিই খুব ভালো লাগে। আশা করছি আন্তর্জাতিক পর্যায়ে তারা সাফল্য পাবে, আন্তর্জাতিক ক্রিকেটের চাপ সামলাতে শিখবে এবং কীভাবে আরও সামনে যাওয়া যায়, দলের প্রয়োজনে কাজ করার বিষয়গুলো পূরণ করা যাবে।’
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের এত দিন পরেও সেই সুখস্মৃতি আজও মনে আছে সাবেক এই কোচের। নাভিদের মনে, ‘এটা (বিশ্বকাপ জয়) বড় একটা অর্জন। কারণ এটা ছিল তাদের সামনে আসা প্রথম চ্যালেঞ্জ। এখন তারা আন্তর্জাতিক ক্রিকেটে কতটা মানিয়ে নেবে, কীভাবে মানিয়ে নেবে এবং আরও ভালো ক্রিকেটার হিসেবে নিজেদের প্রস্তুত করবে সেই চ্যালেঞ্জ।’
