ইনিংসের শুরুর দিকেই ভারতীয় শিবিরে হানা দিলেন ওয়েস্ট ইন্ডিজের কেমার রোচ। ইনিংসের পঞ্চম ওভারে ২৩ বলে ১৮ রান করা রোহিত শর্মাকে সাজঘরে ফেরান রোচ। ইনিংসের পঞ্চম ওভারের চতুর্থ বলে কেমার রোচের বলে হালকা ব্যাট ছুঁইয়ে উইকেট কিপার হোপের হাতে ক্যাচ তুলে দেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা।
এর আগে ইংল্যান্ডের ম্যানচেস্টারে বিশ্বকাপের ৩৪তম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি।
ছয় ম্যাচে একটি জয়, চারটি হার ও একটিতে পয়েন্ট ভাগাভাগি করেছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ানদের ঝুলিতে এখন ৩ পয়েন্ট। ফলে টুর্নামেন্টের পরের পর্ব থেকে অনেকটাই ছিটকে গেছে হোল্ডাররা। আজ ভারতের বিরুদ্ধে উইন্ডিজদের ম্যাচটা তাই অনেকটা আনুষ্ঠানিকতার মতো। যেখানে ওয়েস্ট ইন্ডিজের জয় টুর্নামেন্টের সমীকরণে বড় কোনো প্রভাব ফেলবে না।
অন্যদিকে আজ জিতলে সেমির পথে কয়েকধাপ এগিয়ে যাবে ভারত। পাঁচ ম্যাচে তাদের পয়েন্ট ৯। অবশ্য বোলিংয়ে বুমরাহ, শামি, চাহাল, কুলদীপরা ভারতের বড় ভরসা। ভালো ছন্দেও আছেন তারা। গেইল-হেটমায়ারদের আটকে দিতে চাহাল-কুলদীপই ভারতের মূল অস্ত্র। তাই আজকের ম্যাচে ভারত সব বিভাগেই এগিয়ে থাকবে।
ইত্তেফাক/জেডএইচডি

