চরম পর্যায়ে পৌঁছেছে ভারতের তামিলনাড়ুর পানির সঙ্কট। পানির তীব্র সঙ্কটের কারণে চড়া দামে বিক্রি হচ্ছে পানির ট্যাঙ্ক। পাশাপাশি বন্ধ রাখা হয়েছে বিভিন্ন আবাসিক হোটেল ও গেস্ট হাউজ।
তীব্র পানির সংকটে একদিকে দাম বাড়ছে পানির ট্যাঙ্কের। প্রায় একেকটি ট্যাঙ্কের জন্য গুনতে হচ্ছে প্রায় হাজার টাকা। ৯ হাজার লিটার পানির দাম পৌঁছে গিয়েছে ৫ হাজার টাকার কোঠায়। আর তাই ঘরের আসবাব বিক্রি করে পানি কেনার ঘটনাও ঘটেছে সেখানে। অন্যদিকে সরকারিভাবে পানির সরবরাহ না থাকায় এলাকার কুয়োগুলো থেকে লটারি করে পানি নিতে হচ্ছে এলাকাবাসীদের।
এদিকে চড়া দামের বিনিময়ে পানি মিললেও তার জন্য অপেক্ষা করতে হচ্ছে এক মাসেরও বেশি সময়। চেন্নাইয়ের এক বাসিন্দা এম সেশাদ্রি জানান, তিনি পানির ট্যাঙ্কের অর্ডার দিয়েছিলেন গত ১৭ মে। এক মাস হয়ে গেলেও সেই ট্যাঙ্ক তার বাড়িতে এখনো এসে পৌঁছায়নি। অর্ডার দেওয়ার পর অন্তত ১০ বার শহরের জল সরবরাহ কেন্দ্রে গিয়েছেন তিনি। তবে কবে সেই পানি তার বাড়িতে এসে পৌঁছাবে এ ব্যাপারে কোনও তথ্য দিতে পারেনি জল সরবরাহ কেন্দ্র।
আরও পড়ুন: বোমা আতঙ্কে লন্ডনে ভারতীয় বিমানের জরুরি অবতরণ
তীব্র পানির সঙ্কটের কারণে ইতিমধ্যে একাধিক তথ্য প্রযুক্তি দপ্তর কর্মীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দিয়েছে রাজ্যের বিভিন্ন প্রতিষ্ঠান। শহরের একাধিক গেস্ট হাউস, হোটেল বন্ধ করে দেওয়া হয়েছে। পানির ব্যবহার কমাতে কাগজের প্লেটে খাওয়া-দাওয়া করছেন শহরের বাসিন্দারা।
উল্লেখ্য, গত বছরেও একই রকম পানির সঙ্কট দেখা দিয়েছিল চেন্নাইয়ে।
ইত্তেফাক/জেডএইচডি
